পিএসজি থেকে বিদায় নিশ্চিত হওয়ার দুই দিন পর লিওনেল মেসিকে নিয়ে তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি বললেন, তার ছেলে এই মৌসুমে বার্সেলোনায় ফিরতে চায়।
পিএসজিতে দুই মৌসুম কাটানোর পর জুনের শেষ দিকে ফ্রি এজেন্ট হতে যাচ্ছেন মেসি। তাকে নিয়ে নানা গুঞ্জন চলছে। বার্সায় তার ফেরার পথে প্রধান অন্তরায় আর্থিক সংকট।
তবে সোমবার ক্যামেরায় সকালে হোর্হে মেসিকে বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার বাসায় ঢুকতে দেখা গেছে। কোনও বৈঠক হওয়ার কথা উড়িয়ে দিয়ে মেসির বাবা বলেছেন, ‘অবশ্যই, সে (মেসি) বার্সেলোনায় ফেরাটাই পছন্দ করবে। আমিও তাই। আমরা দেখবো।’
মেসির ফেরার জন্য আর্থিক ব্যাপার নিয়ে কী ভাবছে বার্সা, এ ব্যাপারে লাপোর্তার সঙ্গে কোনও কথা হয়েছে কি না জানতে চাইলে হোর্হে বলেছেন, ‘আরেক দিন কথা বলবো, কিন্তু এখনও কোনও কিছুই চূড়ান্ত নয়।’
স্প্যানিশ গণমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ক্লাব এখনও মেসিকে চুক্তি করাতে চায়। তারা কাড়ি কাড়ি টাকা নিয়ে বসে আছে। কিন্তু স্ত্রী আন্তোনেয়া রোকুজ্জোর কারণে মেসি বার্সেলোনায় ফিরতে চান।
বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, এই সপ্তাহে মেসি তার ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন। তার ফেরার জন্য বার্সার দরজাও চিরতরে খোলা।









