শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাতীয় দলের সাত ফুটবলারকে শোকজ নোটিশ দিয়েছে বাফুফে। দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখোমুখি হবেন তারা। আর নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলতে পারবেন না তারা।
২৪ মার্চ জর্ডানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ। এর আগে ১৮ মার্চ সংযুক্ত আরব আমিরাতে একটি অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী শনিবার থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। এসএ গেমসের স্প্যানিশ কোচ গঞ্জালো মোরেনো জাতীয় দলের দায়িত পালন করবেন। তার সহকারী হিসেবে থাকবেন সৈয়দ গোলাম জিলানী ও গোলরক্ষক কোচ আতিকুর রহমান।
বিশ্বকাপ বাছাই ও প্রস্তুতি ম্যাচের জন্য দুয়েক দিনের মধ্যে স্কোয়াড ঘোষণা করবে বাফুফে। এই দলে বিচারধীন প্রক্রিয়ার মধ্যে থাকা সাত ফুটবলার থাকবেন না বলে নিশ্চিত করেছেন জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। তিনি বলেন 'তালিকায় তাদের নাম থাকবে না। এরা যদি নির্দোষ প্রমাণিত হয় সেক্ষেত্রে কঠিন শাস্তি হবে।'
এছাড়া বাফুফে তদন্ত কমিটি আরও কিছু সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে ফুটবলারদের অনেক সময় জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকার বিষয়টিও। তদন্ত কমিটির রিপোর্টে অধিনায়ক মামুনুলসহ কয়েকজন ফুটবলারের সমালোচনা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে জর্ডান ম্যাচের ক্যাম্পের আগেই ফুটবলারদের ওপর কড়া নির্দেশনা থাকছে।
/আরএম/এমআর/








