কম্বোডিয়াতে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। স্থানীয় ক্লাব টিফফি আর্মি এফসিকে ১-০ গোলে হারিয়েছে। একমাত্র জয়সূচক গোল করেন মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা। ম্যাচ ঘড়ির ১২ মিনিটে আবাহনী লিমিটেডের এই ফুটবলার লাল সবুজ দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত এই এক গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে জামাল ভূঁইয়ারা।
ম্যাচ জিতে সবাই খুশি। গোলদাতা সোহেল রানার খুশির মাত্রা একটু বেশিই, ‘জাতীয় দলের হয়ে প্রস্তুতি ম্যাচে প্রথম গোল করেছি। অনেক ভালো লাগছে। এই গোল সামনের দিকে এগিয়ে যেতে কাজে দেবে। গোলটা গোলকিপার আনিসুর রহমান জিকোকে উৎসর্গ করছি।’
বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাও সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে গোল হজম করা যাবে না, যা অন্যতম উদ্দেশ্য। দলের সবাই এটা জানে। আজ প্রস্তুতি ম্যাচে আমরা গোল হজম করিনি। পরিকল্পনা অনুযায়ী খেলেছে। আরও গোলের সুযোগ পেয়েছিলাম। একাধিক গোলও হতে পারতো।’
অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করছেন এই ম্যাচে ভালো পরীক্ষা হয়েছে, ‘সব মিলিয়ে এটা ভালো ম্যাচ হয়েছে। আমরা প্রথমার্ধে অনেকগুলো সুযোগ পেয়েছি। তাদের বিপক্ষে ম্যাচটা সহজ ছিল না। ৩-৪ জন বিদেশি খেলোয়াড় খেলছে। ইতিবাচক হলো আমরা ম্যাচ জিতেছি। কোনও গোল হজম করিনি।’









