আর্জেন্টিনার জয়যাত্রা চলছেই, এমনকি তাদের বিশ্বকাপ সাফল্যের নায়ক লিওনেল মেসি সঙ্গে না থাকলেও। সোমবার তাকে ছাড়াই ২-০ গোলে ইন্দোনেশিয়াকে হারিয়েছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বেইজিংয়ে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারানোর পর সোমবার দ্বিতীয় প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। সেখানেও উড়লো তাদের বিজয় নিশান। সকারুদের বিপক্ষে ক্যারিয়ারের দ্রুততম গোল করা মেসি ছুটি নিয়েছেন। ছিলেন না আনহেল দি মারিয়াও।
অস্ট্রেলিয়াকে হারানো দলে সাতটি পরিবর্তন আনেন কোচ লিওনেল স্ক্যালোনি। আক্রমণভাগ সাজান ফাকুন্দো বুওনানোত্তে, জুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেসকে দিয়ে।
আর্জেন্টিনাকে গোল করতে না দেওয়ার পণ করেছিল আগের ১০ ম্যাচে মাত্র একটি হারা ইন্দোনেশিয়া। কয়েকবার তাদের রক্ষণ কাঁপালেও গোলকিপার রেজা আরিয়া দেয়াল গড়ে তোলেন।
শেষ পর্যন্ত বিরতির আগেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩৮ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে লিয়ান্দ্রো পারেদেসের চোখ ধাঁধানো লম্বা শট জালে জড়ায়। আলভারেজের ৩৮ মিনিটের শট সাইড নেটে লাগলে ব্যবধান দ্বিগুণ হয়নি। ইনজুরি টাইমে দাজাদের দুর্বল শট ডানদিকে ঝাঁপিয়ে রুখে দেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
৫৩ মিনিটে আরহানের লম্বা থ্রো ইন থেকে বাগ্গোটের হেড পেছনে ঝাঁপিয়ে কর্নার বানান আর্জেন্টিনার কিপার। এর দুই মিনিট পর জিওভান্নি লু সেলসোর ক্রস থেকে হেড করে ২-০ করেন ক্রিস্টিয়ান রোমেরো।
ব্যবধান আর বাড়াতে পারেনি আর্জেন্টিনা। তবে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়লো তারা। বিশ্বকাপের পর এনিয়ে চার ম্যাচের সবগুলোই জিতেছে আলবিসেলেস্তেরা।









