সাফের সর্বশেষ ৫ আসরেই ব্যর্থ ছিল বাংলাদেশ। সেই যে ২০০৩ সালে একবার শিরোপা ঘরে তুলেছে, তারপর থেকে হতাশাই ছিল সঙ্গী। এবারও লক্ষ্য ভিন্ন কিছু নয়। ফাইনালের স্বপ্ন নিয়ে ভারতের বেঙ্গালুরুতে আসা। কিন্তু প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের কাছে ২-০ গোলের পরাজয়ে সেই স্বপ্ন কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। তার পরেও বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা হাল ছাড়ছেন না। স্বপ্ন দেখছেন সেমিফাইনালের। তারপর সেমির বৈতরণী পার করলেই তো শিরোপার মঞ্চে।
র্যাঙ্কিংয়ে ৯৩ ধাপ এগিয়ে থাকা লেবানন শক্তিমত্তায় কোনও অংশেই পিছিয়ে নয়। এই দলটার বিপক্ষে চোখে চোখ রেখে খেলেছে বাংলাদেশ। বেশ কয়েকবার ত্রাসও ছড়িয়েছে। কিন্তু শেষ দিকে এসে দুটি ভুলের চরম মাশুল দিয়ে পুরো তিন পয়েন্ট হারিয়েছে লাল-সবুজরা। তাছাড়া ফয়সাল আহমেদ ফাহিমের সুবর্ণ সুযোগ মিসটিও ভীষণভাবে পোড়াচ্ছে। গোলকিপারকে একা পাওয়া অবস্থায় লক্ষ্যভেদ করতে পারলে ম্যাচের চিত্র বদলে যেতে পারতো! সেটি না হওয়ায় ন্যূনতম এক পয়েন্ট প্রাপ্তির লক্ষ্য পূরণ হয়নি। ফলে শেষ দুই ম্যাচ অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। কিন্তু ম্যাচ শেষে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে দেখে মনে হলো তিনি এখনও আশাবাদী, ‘আমাদের পরের দুই ম্যাচ জিততেই হবে। সেমিফাইনালে উঠতে হলে সেটাই একমাত্র পথ। তা না হলে সামনের দিকে যাওয়া যাবে না। লেবানন ফিফা র্যাঙ্কিংয়ে ৯৯তম স্থানে আছে। আমরা তাদের বিপক্ষে সঠিক পথেই ছিলাম। সেটি হয়নি। তবে ভুল তো দলীয় ভুলই।’
লেবানন ম্যাচে বাংলাদেশ প্রতি আক্রমণনির্ভর ফুটবল খেলেছে। মাঝে মধ্যে প্রতিপক্ষের রক্ষণভাগের পরীক্ষা নিয়েছে ঠিকই। তার পরেও ম্যাচের ফল অনুকূলে আনা যায়নি। কাবরেরা অবশ্য ম্যাচের পর ইতিবাচক দিকগুলোই সামনে এনেছেন, ‘ম্যাচের ফলাফলটা আমাদের অনুকূলে আসেনি। তবে আমাদের ইতিবাচক দিকও আছে। এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে সেমিফাইনালে খেলা সম্ভব।’
গ্রুপ পর্বে বাংলাদেশের পরের দুই ম্যাচ মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে। সেমিফাইনালে খেলতে হলে এই দুই ম্যাচ থেকে পয়েন্ট পেতেই হবে। বেঙ্গালুরুতে আজকের পারফরম্যান্স নিয়ে কাবরেরা বলেছেন, ‘আমরাও গোলের সুযোগ পেয়েছিলাম। শুরুতে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে যেতে পারতো। ফয়সাল আহমেদ ফাহিম ওয়ান-ওয়ানে মিস করায় সেটি আর হয়নি।’
স্ট্রাইকার সুমন রেজার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলেও বাংলাদেশ কোচের তেমন মনে হচ্ছে না, ‘আপনাদের দৃষ্টিতে গোলই স্ট্রাইকারের কাজ। এছাড়াও স্ট্রাইকারের শত কাজ রয়েছে। সেসব কাজ সুমন ঠিকমতোই করেছে। আপনাদের কাছে সুমনের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকলেও আমার কাছে নয়।’
প্রতিপক্ষ লেবাননের পারফরম্যান্স নিয়ে কাবরেরার কথা, ‘তারা আমাদের চেয়ে এগিয়ে। জয় পাওয়াটা তাদের জন্য স্বাভাবিকই ছিল। তবে আমরাও ভালো খেলেছি।’









