বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে আজ মালদ্বীপের বিপক্ষে অগ্নিপরীক্ষা বাংলাদেশের। সেমিফাইনালে যেতে রবিবার তাদের জিততেই হবে। বিকাল ৪টার গুরুত্বপূর্ণ ম্যাচে পরিবর্তন আনা হয়েছে দুটি।
বেঙ্গালুরুর শ্রী কান্তীরাভা স্টেডিয়ামে দুই ফরোয়ার্ড মজিবর রহমান জনি ও সুমন রেজা মালদ্বীপের বিপক্ষে সুযোগ পাননি। তাদের জায়গায় মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ও রাকিব হোসেন একাদশে জায়গা পেয়েছেন।
লেবানন ম্যাচে খেলা ৯জন খেলোয়াড় একাদশে রয়েছেন। হাভিয়ের কাবরেরা দুটি পরিবর্তন ছাড়া ফর্মেশনেও বদল আনতে যাচ্ছেন। প্রথম ম্যাচে ৪-৩-২-১ ছকে খেলে গোল করতে পারেনি ফাহিম-সুমনরা। উল্টো শেষ দিকে নিজেদের ভুলে গোল হজম করে বিপদে রয়েছে। রবিবার সম্ভাব্য ৪-৪-২ ছকে খেলার কথা লাল-সবুজদের। তেকাঠির নিচে জিকো, রক্ষণে তপু, বিশ্বনাথ, ঈসা ও তারিক রয়েছেন। মধ্যমাঠে হৃদয়, জামাল ও দুই সোহেল রানা থাকছেন। আর দুই উইংয়ে ফাহিম ও রাকিব খেলবেন। তবে আজ পরিষ্কারভাবে ‘নম্বর নাইন’ হিসেবে কেউ থাকছে না। উইং কিংবা মিডফিল্ড থেকে যে কেউ সামনে এসে দায়িত্ব পালন করার সুযোগ পাবে।
বাংলাদেশ একাদশ
আনিসুর রহমান জিকো, জামাল ভূঁইয়া, তপুর বর্মণ, মোহাম্মদ হৃদয়, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, বিশ্বনাথ ঘোষ, তারিক রহমান কাজী, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা ও ঈসা ফয়সাল।









