প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। বিরতির পর অধিনায়ক সাবিনা খাতুন জাল কাঁপালেন ঠিকই। তারপর জয়টা যখন মনে হচ্ছিল হাতের মুঠোয়, ঠিক তখনই হজম করে গোল! শেষ দিকে যোগ করা সময়ে নেপাল সমতায় চলে আসায় প্রীতি ম্যাচে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে সাবিনারা।
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই নেপালের বিপক্ষে সবশেষ ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ দুই গোল পেয়েছিল। প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একই প্রতিপক্ষকে পেলেও প্রথমার্ধে নেপালের বিপক্ষে কোনও গোল করতে পারেনি সাবিনা খাতুনরা। দ্বিতীয়ার্ধে একটি গোল পেলেও শেষ দিকে আর সেই স্কোরলাইন ধরে রাখতে পারেনি।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ একটি পরিবর্তন রেখে খেলেছে। অভিজ্ঞ ডিফেন্ডার আঁখি খাতুনের জায়গায় আফঈদা খাতুনের অভিষেক হয়েছে। ম্যাচঘড়ির ১৬ মিনিটে প্রথম সুযোগ পায় বাংলাদেশ। শিউলি আজিমের ক্রসে সাবিনার পাসে ৬ গজ দূরত্বে থেকে কৃষ্ণারানী সরকার পা ছোঁয়ানোর আগেই সেটি ক্লিয়ার করেন নেপালের এক ডিফেন্ডার। ফাঁকে ফাঁকে নেপালও আক্রমণে উঠে ভয় ধরানোর চেষ্টা করেছে। তবে নেপালের মূল অস্ত্র সাবিত্রা ভাণ্ডারিকে কড়া পাহারায় রাখায় তারা গোলমুখ উন্মুক্ত করতে পারেনি। ২৪ মিনিটে সাবিত্রার দুর্বল হেড রুপনা তালুবন্দি করে দলকে রক্ষা করেন। ৩৫ মিনিটে সতীর্থের ক্রসে সাবিত্রা ভাণ্ডারি লক্ষ্যে ঠিকঠাক মতো শট নিতে পারেননি। নিতে পারলে গোল হতে পারতো।
বিরতির পর আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। তাতে প্রথম সুযোগ পায় নেপাল। কিন্তু প্রায় ৩০ গজ দূর থেকে সাবিত্রা ভাণ্ডারির জোরালো শট ক্রসবারের একটু ওপর দিয়ে গেলে হতাশ হতে হয় তাদের। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের তিন জনের অভিষেক হয়েছে। ৬০ মিনিটে সানজিদার জায়গায় নামেন রিপা। এই পরিবর্তনের ৫ মিনিট পরই বাংলাদেশ এগিয়ে গেছে। শাহেদা আক্তার রিপার রক্ষণচেরা পাসে বক্সে ঢুকে গোলকিপারকে একা পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে জাল কাঁপান সাবিনা।
৭৩ মিনিটে গোল শোধ দেওয়ার কাছাকাছি গিয়ে ব্যর্থ হয় নেপাল। নিশ্চিত গোল বাঁচিয়ে দেন গোলকিপার রুপনা চাকমা। সাবিত্রা ভাণ্ডারির কাটব্যাক থেকে রাশমি কুমারির শট রুপনা দারুণভাবে প্রতিহত করে দলের এগিয়ে থাকা নিশ্চিত করেছিলেন। ৭৫ মিনিটে সাবিনা আগুয়ান গোলকিপার বিমালাকে একা পেয়েও লক্ষ্য বরাবর শট নিতে পারেননি। যোগ করা সময়ে কপাল পোড়ে বাংলাদেশের। সাবিত্রা ভাণ্ডারি কোনাকুনি শটে নেপালকে সমতায় ফিরিয়ে দলের হার এড়িয়েছেন। তাতে হেড কোচ হিসেবে অভিষিক্ত হওয়া মাহবুবুর রহমান লিটুর অভিষেকও হলো ড্র দিয়ে।









