আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে আগের ম্যাচে রেকর্ড গড়া হেড গোলে আল নাসরকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরে দল জেতে বড় ব্যবধানে। বৃহস্পতিবার আবারও নায়কের ভূমিকায় ৩৮ বছর বয়সী পর্তুগিজ উইঙ্গার। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার খুব কাছে ছিল আল নাসর। আবারও হেড থেকে রোনালদোর সমতাসূচক গোলে সৌদি প্রো লিগ ক্লাব বেঁচে যায়। শুধু তাই নয়, জামালেকের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে কোয়ার্টার ফাইনালেও উঠেছে তারা।
এদিন অভিষেক হয়েছে বায়ার্ন মিউনিখ থেকে আসা সাদিও মানের। সেনেগালিজ ফরোয়ার্ড কোনও ছাপ রাখতে পারেননি। দ্বিতীয়ার্ধে বেঞ্চ ছেড়ে মাঠে নামেন। প্রথমবার আল নাসরের জার্সি পরার দিন স্মরণীয় করতে ব্যর্থ তিনি। আর আলো ছড়ালেন রোনালদো।
‘সি’ গ্রুপের ম্যাচে জামালেক লিড নেয়। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করেন আহমেদ সায়েদ। শেষ পর্যন্ত ১-০ তে ম্যাচ এগিয়ে যাচ্ছিল। জয়ের সুবাস পাচ্ছিল মিশরীয় দল। ৮৭তম মিনিটে চমক দেখান রোনালদো। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে শূন্যে ভেসে মাথা দিয়ে বল ঠেলে দেন লক্ষ্যে।
তাতে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে পৌঁছালো আল নাসর।









