একটু আগেভাগেই বাংলাদেশে চলে এসেছে মালদ্বীপের অন্যতম সেরা ক্লাব ঈগলস। আগামী ১৬ আগস্ট এএফসি কাপের বাছাইপর্বে তারা মুখোমুখি হবে স্বাগতিকদের অন্যতম সেরা ক্লাব আবাহনী লিমিটেডের। শুক্রবার সিলেটে পৌঁছে আজই স্থানীয় বিকেএসপির মাঠে অনুশীলন করার কথা তাদের।
ঈগলস সিলেটে থাকলেও আবাহনী ঢাকাতেই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। ঈগলসের কোচ মোহাম্মদ শিয়াজ সিলেটে এসে কিছু বলতে রাজি হননি। প্রতিদ্বন্দ্বী আবাহনী সেখানে যাবে সোমবার।
সিলেটে অনুশীলন ভেন্যু সংকটের কারণে নিজেদের মাঠেই প্রস্তুতি সেরে নিচ্ছে আকাশি-নীল জার্সিধারীরা।
আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সিলেটে গিয়ে টার্ফের মধ্যে অনুশীলন করতে হতো। যেহেতু খেলা হবে ঘাসের মাঠে। তাই আমরা কোনও ঝুঁকি নিতে চাইছি না। নিজেদের মাঠে অনুশীলন করে এক দিন আগে সিলেটে যাবো।’









