শেষ হলো ইতালিতে রবার্তো মানচিনি অধ্যায়। ইউরো ২০২৪ শুরুর ১০ মাস আগে পদত্যাগ করলেন তিনি।
তার সময়ে ইতালির ফুটবলে যেমন উত্থান ছিল, তেমনই ছিল পতন। ২০১৮ সালের বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর দায়িত্ব নেন মানচিনি। তার অধীনে টানা ৩৭ ম্যাচ অজেয় থাকার বিশ্ব রেকর্ড গড়ে আজ্জুরিরা। জেতে ২০২০ সালের ইউরো ট্রফি। দুই বছর পর তিনিও ইতালিকে বিশ্বকাপে ওঠাতে পারেননি বাছাইপর্বের ব্যর্থতায়। ইউরোর শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন থেকে এবার সরে দাঁড়ালেন।
৫৮ বছর বয়সীর সঙ্গে ইতালিয়ান ফেডারেশনের পাঁচ বছরের সম্পর্ক শেষ হলো। তারা এক বিবৃতি দিয়েছে, ‘ইতালিয়ান ফুটবল ফেডারেশন ঘোষণা করছে যে গতকাল সন্ধ্যায় জাতীয় দলের কোচের দায়িত্ব থেকে রবার্তো মানচিনির পদত্যাগপত্র পেয়েছি আমরা এবং গ্রহণ করেছি। তাতে করে আজ্জুরির ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের শেষ হলো, যার শুরু হয়েছিল ২০১৮ সালের মে মাসে এবং শেষ হলো ২০২৩ নেশনস লিগ ফাইনালসে। মাঝে ২০২০ সালের ইউরো জয়, যেটা একটি দলগত প্রচেষ্টার ফসল।’
ম্যানসিটির সাবেক কোচ মানচিনির ইতালি রেকর্ড বেশ ভালো। ৩৭ ম্যাচ জিতেছে তার দল, ড্র ১৫টি , হার মাত্র ৯টি। বিশ্ব র্যাঙ্কিংয়ে অবস্থান আট নম্বরে।
আগামী সেপ্টেম্বরে নর্থ মেসিডোনিয়া ও ইউক্রেনের বিপক্ষে ইউরো বাছাইয়ের ম্যাচ। তাই শিগগিরই নতুন কোচের নাম ঘোষণা করা হবে জানিয়েছে ফেডারেশন। নাপোলির সাবেক কোচ লুসিয়ানো স্পালেত্তির নাম বেশি শোনা যাচ্ছে।









