গত বছরের বিশ্বকাপে মরক্কো সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল, যাতে অনন্য অবদান রাখেন গোলকিপার ইয়াসিন বোনো। তেকাঠির নিচে দুর্দান্ত প্রতিরোধ গড়া এই ৩২ বছর বয়সী ফুটবলার সেভিয়াকে দুটি ইউরোপা লিগ শিরোপা জেতাতেও দারুণ ভূমিকা পালন করেন। ইউরোপ থেকে বড় তারকাদের পথ অনুসরণ করে তিনিও পাড়ি দিলেন সৌদি আরবে।
এশিয়ার সবচেয়ে সফল ক্লাব আল হিলাল চুক্তি করেছে বোনোর সঙ্গে। কদিন আগে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সঙ্গে চুক্তি করে আলোচনায় ছিল ক্লাবটি। আল হিলাল জানায়, এই চুক্তির পৃষ্ঠপোষকতা করেছেন স্বয়ং ক্লাব প্রেসিডেন্ট প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল।
চুক্তির অঙ্ক উন্মোচিত না হলেও স্প্যানিশ মিডিয়ার রিপোর্ট, ২ কোটি ১০ লাখ ইউরো পেয়েছে সেভিয়া। আল হিলাল টুইটারে পোস্ট করেছে, ‘দ্য আটলান্টিক লায়ন আমাদের গোলকিপার।’









