মেয়েদের বিশ্বকাপের ফাইনালে স্পেন জেতার পর তাদের খেলোয়াড় জেনি হারমোসোর ঠোঁটে চুমু দিয়ে বিপাকে পড়েন দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। এই ঘটনায় স্পেনের ফুটবলে চলছে অরাজকতা। চুমুকাণ্ডের বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে ফিফা। এবার বিশ্ব ফুটবল সংস্থা রুবিয়ালেসকে ৯০ দিনের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করলো।
স্পেনের ফুটবল প্রধানের বিরুদ্ধে চলমান শৃঙ্খলামূলক কার্যক্রম শেষে চূড়ান্ত রায় দেওয়া হবে উল্লেখ করে শনিবার বিবৃতি দিয়েছে ফিফা, ‘(আমরা) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সব ফুটবল সংশ্লিষ্ট কার্যক্রম থেকে লুইস রুবিয়ালেসকে আজ প্রাথমিকভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’ তারা আরও যোগ করেছে, এই সময়ে রুবিয়ালেস হারমোসো ও তার কাছের কারও সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করতে পারবেন না।
ফিফার নিষেধাজ্ঞা আরোপের আগে শনিবার স্পেনের নারী ফুটবল দল আর খেলতে নামবে না বলে বিদ্রোহ ঘোষণা করে। নারী ফুটবলারদের সংস্থা ফুটপ্রোর একটি বিবৃতি অনুযায়ী, রুবিয়ালেসকে না সরালে হারমোসো ও নারী দলের ৮০ জন ফুটবলার জাতীয় দলের হয়ে খেলবে না। তাদের দাবি, রুবিয়ালেসকে সরাতে হবে।
তার আগে রুবিয়ালেস বলেছিলেন, এরমোসোর ইচ্ছাতেই চুমু খেয়েছিলেন। সেই যুক্তি খণ্ডন করে হারমোসো বলেছেন, ‘আমি কখনোই চুমু খাওয়ার ব্যাপারে রাজি হইনি। আমার কথার ভুল ব্যাখ্যা করা হলে ছেড়ে কথা বলবো না। ওরা নতুন নতুন কথা বলছে যা আমি বলিইনি।’ তার পাশে দাঁড়িয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনও।









