মেয়েদের বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ফুটবলার জেনি হারমোসোর ঠোঁটে চুমু খেয়ে তোপের মুখে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। এই বিতর্কিত ঘটনায় পুরো স্পেন তার বিরুদ্ধে গেছে, এমনকি সরকারও তার কঠোর শাস্তির দাবি জানিয়েছে। তবে রুবিয়ালেস পাশে পেয়েছেন ফেডারেশনকে। তার প্রতি সংহতি প্রকাশ করে আরএফইএফ-এর সেক্রেটারি জেনারেল আন্দ্রেউ ক্যাম্পস বিস্ময়কর পদক্ষেপ নিয়েছেন। তাতে করে চ্যাম্পিয়নস লিগ থেকে বহিষ্কৃত হতে পারে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ!
চুমুকাণ্ডের পর স্প্যানিশ সরকার আরএফইএফকে কঠোর পদক্ষেপ নেওয়ার তাগাদা দেয়। বিশ্বকাপ জয়ী দলের ২৩ সদস্যের প্রত্যেকে ঘোষণা দেয়, রুবিয়ালেস থাকা পর্যন্ত তারা আর খেলবে না। হোর্হে ভিলদার কোচিং স্টাফের ১১ জনও পদত্যাগ করেন। পরে ফিফা এই ব্যাপারে তদন্ত শুরু করে এবং সেটা শেষ না হওয়া পর্যন্ত ৯০ দিনের জন্য সাময়িকভাবে তাকে নিষিদ্ধ করে ফুটবলের সর্বোচ্চ সংস্থা।
রুবিয়ালেসের নিষেধাজ্ঞা প্রত্যাহারে বেশ তৎপর আরএফইএফ। তাকে ফিরিয়ে আনতে হাল ছাড়ছে না স্প্যানিশ ফুটবল সংস্থা। বিশেষ করে ফেডারেশনের কাজে সরকারি হস্তক্ষেপে নাখোশ ক্যাম্পস। উয়েফার বিধি অনুযায়ী, তাদের সহযোগী দেশকে তৃতীয় পক্ষের প্রভাব ছাড়া স্বাধীনভাবে কাজ করতে হবে। কিন্তু চুমুকাণ্ডে সরকার প্রভাব খাটানোয় ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে স্প্যানিশ দলগুলোকে বহিষ্কারে উয়েফার কাছে লিখিত অনুরোধ জানিয়েছেন ক্যাম্পস।
ওন্দা সেরো-এর প্রতিবেদন অনুযায়ী, এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত স্প্যানিশ দলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপে উয়েফাকে অনুরোধ করেছেন আরএফইএফ সেক্রেটারি জেনারেল।
উয়েফা এখনও এই ব্যাপারে হস্তক্ষেপ করেনি। কিন্তু ডিরেক্টর অব রিলেশন্স থিয়েরি ফাভ্রে গত সপ্তাহে একটি সমাবেশে যোগ দেন, যেখানে রুবিয়ালেস জোর গলায় বলেন, তিনি পদত্যাগ করবেন না।
রুবিয়ালেস নিষিদ্ধ হওয়ায় ফেডারেশনের একমাত্র ভাইস প্রেসিডেন্ট পেদ্রো রোচা অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছেন। এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে, তিনি ক্যাম্পসের অনুরোধকে সমর্থন করবেন নাকি সেটা প্রত্যাহার করতে বলবেন!









