সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপ সুপার ফোরের ম্যাচের পর দেশে ফেরার কথা রয়েছে মুশফিকুর রহিমের। টিম ম্যানেজমেন্ট সূত্রে এমনটাই জানা গেছে। যদিও টুর্নামেন্টের মাঝপথে মুশফিকের ফেরাকে তার ব্যক্তিগত বিষয় বললেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
শনিবার লঙ্কানদের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের পর ভারতের বিপক্ষে খেলা পাঁচ দিন পর। হাতে সময় থাকায় মুশফিক দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মুশফিককে নিয়ে প্রশ্নে বাংলাদেশ প্রধান কোচ জানান, তিনি ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে চান না। হাথুরুসিংহে বলেছেন, ‘মুশফিকের ব্যাপার যেটা বললেন... এটা ব্যক্তিগত ব্যাপার। আমি এ নিয়ে কমেন্ট করতে চাই না।’
এদিকে মুশফিকের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। এই উইকেটকিপার ব্যাটার দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন। এই কারণে স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। স্ত্রীর অবস্থা ভালো থাকলে ভারতের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
শনিবার কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে স্বাগতিক লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। এদিকে সুপার লিগের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। শনিবার শ্রীলঙ্কাকে হারাতে না পারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে সাকিব আল হাসানের দল।
শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচে সিনিয়র ক্রিকেটার মুশফিকের ব্যাটের দিকে তাকিয়ে থাকতে হবে। চলমান এশিয়া কাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে তিনি করেছেন ১০৪ রান। পাকিস্তানের বিপক্ষে৬৪ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক।









