আগের ম্যাচে মেসিকে ছাড়া জিতেছিল ইন্টার মায়ামি। সর্বশেষ আটলান্টার বিপক্ষেও বিশ্রামে রাখা হয় তাকে। কিন্তু মেসিকে ছাড়া খেলতে নামার বিপদটা টের পেয়েছে মায়ামি। মেজর লিগ সকারে আটলান্টার কাছে বিধ্বস্ত হয়েছে ৫-২ গোলে। মেসি আসার পরে এটা মায়ামির প্রথম হার! তাতে প্লে অফ যাওয়ার স্বপ্নে বড় ধাক্কা খেয়েছে তারা।
মায়ামির হয়ে টানা খেলার ধকলে আটলান্টা সফরে দলের সঙ্গী হননি মেসি। পরাজয়ের পর মায়ামি কোচ টাটা মার্টিনো বলেছেন, পেশির চোট থাকায় তাকে খেলানোর ঝুঁকি নিতে চায়নি তারা। ৩৬ বছর বয়সী বিশ্বকাপ জয়ী তারকা বলিভিয়া বিপক্ষে আর্জেন্টিনার বাছাই ম্যাচেও খেলেননি। লা পাজের ম্যাচটি বেঞ্চ থেকে দেখেছেন।
অথচ এই মেসিকে ছাড়া গত সপ্তাহে স্পোর্টিং কানসাস সিটিকে ৩-২ গোলে হারিয়েছে মায়ামি। কিন্তু এবারের ম্যাচটি তাদের জন্য হয়ে দাঁড়ায় কঠিন! ২৫ মিনিটে স্ট্রাইকার লিওনার্ডো কাম্পানা গোল করে মায়ামিকে এগিয়ে নিলেও ৮ মিনিটের ঝড়ে তাদের কাঁপিয়ে দেয় আটলান্টা। ইস্টার্ন কনফারেন্সে ছয় নম্বরে থাকা দলটি তিন গোল করে এগিয়ে গেছে। ৩৬ মিনিটে সমতা ফেরান এনকিতা। ৪১ মিনিটে কামাল মিলারের আত্মঘাতী গোল স্কোর ২-১ করেছে। তার পর ৪৪ মিনিটে আটলান্টার হয়ে তৃতীয় গোলটি করেছেন ব্রুকস লেনন।
বিরতির পর কাম্পানা ৫৩ মিনিটে হয়ে একটি গোল শোধ দিলেও লাভ হয়নি মায়ামির। ৭৬ মিনিটে গিয়াকুমাকিস ও ৮৯ মিনিটে টেইলর উলফ গোল করে তাদের ছিটকে দিয়েছেন।
পরাজয়ের পর তলানির কাছে রয়েছে মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে সবার নিচে থাকা টরোন্টোর চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে তারা। মায়ামির অর্জন ২৮ পয়েন্ট। তবে প্লে-অফ পজিশনের জন্য নির্ধারিত সর্বশেষ অবস্থান (৯) থেকে এখনও ৬ পয়েন্ট দূরে তারা। ওই অবস্থানে ৩৫ পয়েন্ট নিয়ে আছে ডিসি ইউনাইটেড।









