শনিবার রাতে লা লিগার খেলায় অ্যাটলেটিকোর সঙ্গে হেরে এ মৌসুমে শিরোপা জেতার স্বপ্ন অনেকটাই শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। ২৬ ম্যাচ শেষে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সা ৬৩ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে রয়েছে।
এক মাচ কম খেলেও রিয়ালের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে বার্সা। অন্যদিকে অ্যাটলেটিকোর চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে মেসিরা। লিগে আর ১৩টি ম্যাচ বাকি আছে বার্সার। শিরোপা জিততে হলে রিয়াল ও অ্যাটলেটিকোকে বাকি মাচগুলো জেতার সঙ্গে প্রার্থনা করতে হবে বার্সার হারের জন্যও।
তবে এদিন ম্যাচ শেষে জিদান সাংবাদিকদের বলেন, ‘আপনারা জিজ্ঞেস করার আগেই বলছি, লিগ শিরোপার স্বপ্ন শেষ। লা লিগার শিরোপা আগেই কঠিন ছিল। আমি গতকালই (শুক্রবার) খেলোয়াড়দের বলেছি যদি এই ম্যাচে আমরা পয়েন্ট হারাই তবে সেটি আরও কঠিন হয়ে পড়বে। যা-ই হোক না কেন, আমরা শেষ আশাটুকুও ছেড়ে দিতে চাই না।’
হারের পর হতাশা লুকাননি জিদান, ‘আমি ম্যাচ নিয়ে সন্তুষ্ট নই; ফলাফল নিয়েও সন্তুষ্ট নই। তবে আমার এবং আমার দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পরবর্তী ম্যাচ নিয়ে ভাবা। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি সেভাবে ম্যাচটি খেলতে পারিনি। সুতরাং, আমাদের আরও বেশি করে কাজ করতে হবে।’ আগামী ২ মার্চ লেভান্তের মুখোমুখি হবে জিদানের দল।
/এমআর/








