টানা দুই ম্যাচ জিতে আগেই স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আবাহনী লিমিটেড। আজ শনিবার গ্রুপের শেষ ম্যাচও জিতেছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। দ্বিতীয়ার্ধে দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে আবাহনী ২-০ গোলে হারিয়েছে শেখ রাসেলকে। অন্য ম্যাচে আরেক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ১-১ গোলে ড্র করেছে ফর্টিস এফসির সঙ্গে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনীর জয়ে দুই ব্রাজিলিয়ান জোনাথন ফের্নান্দেজ ও ওয়াশিংটন ব্রান্ডো গোল করেন। তাদের জয়ে কপাল পুড়েছে শেখ রাসেলের। ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পুরান ঢাকার রহমতগঞ্জ।
গ্রুপে রাসেল ও রহমতগঞ্জের সমান চার পয়েন্ট। দুই দলের হেড টু হেডে কেউ জেতেনি। গোল ব্যবধানে এগিয়ে থাকায় রহমতগঞ্জ কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে. মতিউর রহমান স্টেডিয়ামে মোহামেডান ও ফর্টিস এফসি ড্র করায় ‘সি’ গ্রুপের তিন দলেরই সমান দুই পয়েন্ট। শুধু সমান দুই পয়েন্টই নয়; মোহামেডান, ফর্টিস ও সেনাবাহিনীর গোল ব্যবধানও শূন্য এবং হেড টু হেডে কেউ জেতেনি।
এই গ্রুপের সেরা দুই দল নির্ধারিত হয়েছে বেশি গোল দেওয়ার হিসেবে। দুই ম্যাচে মোহামেডান তিন গোল দিয়ে গ্রুপ সেরা, সেনাবাহিনী দুই গোল দিয়ে রানার্সআপ। একটি গোল করায় ফর্টিস টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
স্বাধীনতা কাপে আপাতত বিরতি। এএফসি কাপ ও জাতীয় ফুটবলের ব্যস্ত সূচির কারণে ১ ডিসেম্বর থেকে শুরু হবে নকআউট।








