আগের দিন রাত ১১টায় রওনা দিয়ে আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দীর্ঘ ১৮ ঘণ্টার বেশি ভ্রমণ করতে হয়েছে জামাল ভূঁইয়াদের।
যদিও মেলবোর্নের স্থানীয় সময় রাতে পৌঁছানোয় আজ আর অনুশীলনের সুযোগ নেই। আগামীকাল রবিবার হাভিয়ের কাবরেরার দল সেখানে ঘাম ঝরাবে। বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে আগেই সেখানে যাওয়া।
এমনিতে সকারুরা শক্তির দিক দিয়ে বেশ এগিয়ে। নিয়মিত বিশ্বকাপে খেলছে। ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। এই ম্যাচটিতে তাই ক্ষতিটা যেন অনেক কম হয় সেদিকে চেষ্টা কাবরেরার দলের। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ইতিবাচক পারফরম্যান্স দেখানোর চেষ্টা সেখানেও রয়েছে। যদিও সবশেষ দেখায় ৫-০ ও ৪-০ গোলে হেরেছিল লাল-সবুজ দল।








