বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ পর্বে প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার আই গ্রুপে প্রথম ম্যাচেই বাধা বিশ্বকাপে নিয়মিত খেলে আসা অস্ট্রেলিয়া। শক্তিধর এই দলের বিপক্ষে আগেও খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার। ২০১৫ সালের ওই দুই বাছাইয়ের ম্যাচে তার অভিজ্ঞতা ছিল তিক্ত। দুই ম্যাচে ৯ গোল হজম করতে হয়েছিল। তবে এবার মেলবোর্নোর রেক্টাঙ্গুলার স্টেডিয়ামে আগের মতো অসহায় আত্মসমর্পণ না করে লড়াইয়ের প্রত্যয় জামালের।
২০১৮ বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচেই প্রথম মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার প্রথম লেগে অস্ট্রেলিয়ার মাঠে ৫-০ এবং ঢাকার ফিরতি লেগে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ। কালকের ম্যাচের আগের সেই স্মৃতি ফিরে আসছে বারবারই। জামালের তা ভালোই জানা। সাম্প্রতিক সময়ে কিছুটা হলেও বাংলাদেশের খেলায় পরিবর্তন এসেছে। ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপে খেলেছে সেমিফাইনালে। এরপর প্রীতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দুটি ম্যাচে ড্র ও বাছাইয়ের প্রথম রাউন্ডে মালদ্বীপ বাধাও পেরিয়েছে ভালোভাবেই।
ডেনমার্কে জন্ম নেওয়া মিডফিল্ডার আজ বুধবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমি মনে করি, দলের জন্য সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে এটি। কাতার বিশ্বকাপ খেলা দলের তুলনায় বর্তমান দলটি ভালো। কয়েক বছর আগে আমরা যে দলটির বিপক্ষে খেলেছি, তার তুলায় বর্তমান দল বেশ ভালো। কোচ যেটা বলেছেন, আমরা লড়াই করতে চাই। নিজেদের সামর্থ্য দেখাতে চাই। দলের সকল ফুটবলারের অভিজ্ঞতার মিশন হতে যাচ্ছে ম্যাচটি। আমরা জানি এটা বেশ কঠিন হতে যাচ্ছে। আমরা নিজেদের সামর্থ্যর সেরাটা দিতে চাই।’
প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দল সম্পর্কে জামালের মূল্যায়ন, ‘২০১৫ সালের দলে টিম কাহিল, মাইল জেডিনাক, মাসিমো লুয়ঙ্গোর মতো হাই প্রোফাইল খেলোয়াড় দলে ছিল। বর্তমান দলের ফুটবলাররা বড় ক্লাবে খেলেন না, কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেলে, স্কটিশ লিগ, চ্যাম্পিয়নশিপে খেলে।’
মাঠে মেলবোর্ন প্রবাসীদের সমর্থনও চাইছেন জামাল, ‘আমরা বিশ্বের যেখানেই খেলি, যে দেশেই খেলি, বাংলাদেশি সমর্থকরা সত্যি বলতে আমাদেরকে আনন্দ দেয়। আমরা জানি, তারা আমাদের সমর্থন দিবে এবং সম্ভাব্য সবকিছু করবে আমাদেরকে আরেকটু বাড়তি অনুপ্রেরণা জোগাতে। তো, আমরাও যে ভালো দল, সেটা আমাদেরকে দেখাতে হবে তাদের; বাংলাদেশ দলে ভালো কিছু ভালো খেলোয়াড় আছে।’
সবার কাছে দোয়া চেয়েছেন অধিনায়ক, ‘দলের জন্য সবাই দোয়া করবেন, (সমর্থকদের উদ্দেশ্যে বলবো) আমার সাথে থাকো, দলের সাথে থাকো, জানি ম্যাচটা কঠিন হবে, কিন্তু আমরা একটা ভালো ফল করতে চাই; ইনশাআল্লাহ।’









