গ্রুপ ‘সি’ থেকে আগেই ইউরো খেলা নিশ্চিত করেছে ইংল্যান্ড। তার পরেও ইউরো বাছাইয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা। মাল্টাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা নিশ্চিত করেছে।
একই গ্রুপ থেকে অপর দল হিসেবে কোয়ালিফাই করার লড়াইয়ে ছিল ইতালি ও ইউক্রেন। নর্থ মেসিডোনিয়াকে ৫-২ গোলে বিধ্বস্ত করে সেই লড়াইয়ে নিজেদের এগিয়ে নিয়েছে ইতালি।
নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে পয়েন্ট হারালে ঝামেলায় পড়তে হতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এখন জয় নিশ্চিত করায় ইউক্রেনের বিপক্ষে ড্র করলেই দ্বিতীয় দল হিসেবে ইতালি মূল পর্ব নিশ্চিত করবে।
এই নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে সাম্প্রতিক ইতিহাসে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিল ইতালি। ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে দলটির কাছে ১-০ গোলের হার দেখতে হয়েছিল। সর্বশেষ সেপ্টেম্বরে নতুন কোচ লুসিয়ানো স্পালেত্তির অধীনেও ইউরো বাছাইয়ে ড্র করে ১-১ গোলে! তাতে এই ম্যাচেও শঙ্কা ছিল আজ্জুরিদের নিয়ে। কিন্তু মাঠের খেলা গড়াতেই পুরো কর্তৃত্ব করেছে তারা। ১৭ মিনিটে দলটিকে এগিয়ে দিয়েছিলেন মাত্তেও ডারমিয়ান।
৪০ মিনিট পর ইতালির সুযোগ ছিল পেনাল্টি থেকে ব্যবধান বাড়ানোর। কিন্তু জর্জিনোর শট রুখে দেন দিমিত্রিভস্কি। বিরতির আগে যদিও ব্যবধান বাড়াতে ভুল করেননি চিয়েসা। প্রথমার্ধের স্টপেজ টাইমে চিয়েসার কল্যাণে স্কোর দাঁড়ায় ৩-০।
নর্থ মেসিডোনিয়া আগের মতো এই ম্যাচেও ইতালিকে বিপদে ফেলার চেষ্টা করেছিল। ৫২ মিনিটে স্কোর ৩-১ করেছেন আতানাসোভ। ৭৪ মিনিটে তারই গোলে স্কোর ৩-২ হলে ম্যাচে ফেরার চেষ্টা দেখা যায় তাদের। কিন্তু ম্যাচ শেষ হওয়ার নির্ধারিত ৯ মিনিট আগে তাদের সব আশা চূর্ণ করে দেন রাসপাদোরি। ৯০+৩ মিনিটে স্কোর ৫-২ করে মেসিডোনিয়ার বিপক্ষে বড় জয় নিশ্চিত করেছেন এল শারাওয়াই।









