এএফসি কাপে ‘ডি’ গ্রুপে বসুন্ধরা কিংসের শুরুটা মোটেও ভালো হয়নি। মালদ্বীপে গিয়ে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের মাঠে ৩-১ গোলে হারতে হয়েছিল। কিংস অবশ্য ঘুরে দাঁড়িয়ে ওডিশা ও মোহনবাগানের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে নিয়ে এখন টেবিলের শীর্ষে আছে। অ্যাওয়ে ম্যাচের পর এবার মাজিয়ার বিপক্ষে নিজেদের মাঠে লড়াই। আগামীকাল সোমবার কিংস অ্যারেনাতে নিজেদের শক্তি দেখানোর অপেক্ষায় অস্কার ব্রুজনের দল। সন্ধ্যা ৬টার ম্যাচে প্রতিশোধের সঙ্গে পূর্ণ তিন পয়েন্ট নেওয়ার অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে মোহনবাগান। কালকের ম্যাচ জিততে পারলে নক আউট পর্বের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে রবিনহো-বিশ্বনাথ-মোরসালিনরা। কিংসের কোচ ব্রুজন সেই অপেক্ষায় আছেন। আজ রবিবার তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কাল আমাদের অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। সবাই কাল ভালো করতে চাইছে। নিজেদের খেলাটা খেলতে চাইছে। ম্যাচটি সহজ হবে না। এই ম্যাচটির জন্য আমরা এক সপ্তাহ ধরে নিবিড় অনুশীলন করে যাচ্ছি। মাজিয়ার শক্তির দিক ছাড়াও দুর্বলতা খোঁজা হচ্ছে।’
সংবাদ সম্মেলনে কোচের পাশে বসে মিডফিল্ডার সোহেল রানা আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ‘যখন আমরা এএফসি কাপ শুরু করেছি, তখন থেকেই আমাদের পরিকল্পনা ছিল ভালো কিছু করতে হবে। এই মুহূর্তে আমরা গ্রুপে ভালো অবস্থানে আছি। কালকের ম্যাচটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমরা যদি ম্যাচ জিতে যাই, তাহলে গোলের দিকটিও ভাবতে হবে। কীভাবে মাজিয়ার বিপক্ষে খেলতে হবে, সেটা নিয়ে আমরা কোচের সঙ্গে কাজ করছি। সবাই ভালো পারফর্ম করার জন্য অপেক্ষায় আছে।’









