মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে এক গোলে পিছিয়ে পড়েছিল বসুন্ধরা কিংস। আক্রমণ গড়েও সমতায় ফিরতে পারছিল না। এক পর্যায়ে পরাজয়ের শঙ্কাও উঁকি দিতে থাকে। ম্যাচ শেষ হতে তখন বাকি ছিল আর ১০ মিনিট। ঠিক তখনই প্রত্যাবর্তনের গল্প লিখে স্বাগতিকদের ম্যাচে ফেরান বোবুরবেক। তার পর ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে কিংসকে তিন পয়েন্ট এনে দিতে মুখ্য অবদান রাখেন ব্রাজিলিয়ান মিগেল। তাতে এএফসি কাপে ২-১ গোলে ম্যাচ জিতেছে স্বাগতিক দল। কিংস অ্যারেনায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি জিতে দলের কোচ অস্কার ব্রুজনসহ অন্যরা ভীষণ খুশি।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল এসে নিজের উচ্ছ্বাস লুকাতে পারেননি। বিশেষ করে বক্সের বাইরে থেকে তার বাঁ পায়ে করা গোলটি দর্শকসহ সবাইকে চমকে দিয়েছে। মিগেল তাই বলেছেন, ‘আমি খুব খুশি গোল করতে পেরে। আমার গোলে দল জিতেছে এতে একটু বেশি খুশি। এখানে আমার গোলের চেয়েও বলবো টিম স্পিরিটের কথা। এভাবে খেলায় ফিরে আসতে পেরে ভালো লাগছে। আত্মবিশ্বাস ছিল যে আমরা পারবো।’
মিগেলের পাশে বসে কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন আত্মবিশ্বাসী সুরে বলেছেন, ‘আমরা আত্মবিশ্বাসী ছিলাম। গোল খেয়ে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারবো। সেটা ভালোভাবেই পেরেছি। ৭০ মিনিটের দিকে মাঠের চারদিকে বেশ কঠিন অবস্থা ছিল। কেননা আমরা সুযোগ তৈরি করেও গোল পাচ্ছিলাম না। সমতাসূচক গোলটি ম্যাচের চিত্র বদলে দিয়েছে। পরের গোলটিও আমরা পেয়ে যাই। ভাগ্য আজ আমাদের পক্ষে ছিল। তবে ম্যাচের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে পরিষ্কার আমরা দাপট দেখিয়েছি। আমি মনে করি মিগেলের এটা এই মৌসুমের সেরা গোল।’









