অনেক দিন ধরেই অনুশীলন করে যাচ্ছেন সাবিনা-সানজিদারা। কিন্তু আন্তর্জাতিক ম্যাচ সেভাবে খেলা হচ্ছে কমই। সবশেষ নেপালের বিপক্ষে খেলার সুযোগ এসেছিল। এরপর লেবাননের বিপক্ষে খেলার কথা থাকলেও হয়নি। তবে এবার সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ হতে যাচ্ছে। আগামী ১ ও ৪ ডিসেম্বর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে সাইফুল বারী টিটুর দল লড়বে। অনেকটা অপরিচিত দলের বিপক্ষে চ্যালেঞ্জিং ম্যাচ খেলার অপেক্ষায় স্বাগতিকরা।
অপিরিচিত বলা হচ্ছে এই অর্থে, ২০১৭ সালের পর আর সিঙ্গাপুরের বিপক্ষে খেলা হয়নি। সেবার গোলাম রব্বানী ছোটনের অধীনে বাংলাদেশ ৩-০ গোলে হেরেছিল। এবার ফিফা র্যাঙ্কিংয়ে ১৩০ এ থাকা দলটির বিপক্ষে পরিণত এক বাংলাদেশ খেলতে নামবে। যাদের র্যাঙ্কিং এখন ১৪২ নম্বরে।
স্বাগতিকদের কোচ টিটু এমন প্রীতি ম্যাচ খেলার অপেক্ষায় ছিলেন।
আজ সংবাদ সম্মেলনে টিটু বলেছেন,‘এশিয়ান গেমস থেকে ফেরার পর লেবাননের বিপক্ষে ম্যাচ নিয়ে আমাদের খুব ভালো প্রস্তুতি ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা ওই ম্যাচটা খেলতে পারিনি। ওটা খেলতে পারলে… আমাদের অনেক কিছু পাওয়ার ছিল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আয়োজনের জন্য বাফুফেকে ধন্যবাদ। সিঙ্গাপুর একটু অপরিচিত, আমাদের কাছে। ওদের কোচকে আমি খুব ভালো করে চিনি। সবাই এক তারিখের ম্যাচের দিকে তাকিয়ে আছি। চ্যালেঞ্জিং ম্যাচ হবে।’









