অনেক দিন ধরেই পায়ের নখে ব্যথা অনুভব করছেন জাতীয় দলের অন্যতম সেরা ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার। ব্যথা নিয়েই নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন। তারপর মাঠের অনুশীলন থেকে দূরেই আছেন। ডাক্তারের পরামর্শে এখন বিশ্রামে রয়েছেন। চোটের কারণে ১ ও ৪ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না। এ নিয়ে তার পরিতাপ কম নয়। জাতীয় দলে সতীর্থ আরেক ফরোয়ার্ড সানজিদা আক্তারও তাকে মাঠে ভীষণভাবে অনুভব করছেন।
কৃষ্ণা শুধু সানজিদার সতীর্থ নন, বান্ধবীও। তাই তার উদ্দেশ্যে সানজিদা সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে দুজনের ছবি দিয়ে লিখেছেন, ‘মাঠে সত্যিকার অর্থে তোমাকে মিস করছি বান্ধবী। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’
খেলতে না পেরে কৃষ্ণারও খারাপ লাগছে। প্রায় ১০ বছর পর খেলার বাইরে থাকতে হচ্ছে তাকে। বাংলা ট্রিবিউনকে কৃষ্ণা বলেছেন,‘কী করবো বলুন। অনেক দিন ধরেই পায়ে ব্যথা। ডাক্তারও অনেক দেখিয়েছি। এখন রিকভারি সেশন চলছে। বিশ্রামে থাকতে হবে অনেক দিন। মাঠ থেকে আপাতত দূরেই আছি। এতে খারাপ লাগছে। তবে দ্রুত সুস্থ হতে চাই। তাই বিশ্রামে রয়েছি। আশা করছি নতুন বছরে খেলার সুযোগ হবে।’
সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ নিয়ে সতীর্থদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়েছেন কৃষ্ণা, ‘সবার জন্য শুভকামনা। দল যেন ভালো ফল করতে পারে সেটাই চাই। আর আমি মাঠে গিয়ে খেলা দেখবো। সবাইকে প্রেরণা জোগাবো। যেন সবাই ভালো খেলতে অনুপ্রেরণা পায়।’









