ফাইনালে মোহামেডান কি চমক দেখাতে পারবে? এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছিল ঠিক তখনই ভাগ্য খুলে যায় সাদা-কালোদের। ১০ জনের বসুন্ধরা কিংসের বিপক্ষে গোলও পেয়েছিল। তবে সমতা ফিরতে সময় লাগেনি বর্তমান চ্যাম্পিয়নদের। রাকিব হোসেনের পর শেষ দিকে এসে ব্রাজিলিয়ান দোরিয়েলতনের দারুণ এক গোলে স্বাধীনতা কাপের শিরোপা অক্ষুণ্ন রেখেছে কিংস। ফাইনালে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে ট্রফি নিয়ে উৎসব করেছে অস্কার ব্রুজনের দল।
সোমবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। কিংসের আক্রমণের জবাবে সাদা-কালোরা প্রতি আক্রমণে চেষ্টা করেছে কিছু করার। কিন্তু সফল হতে পারেনি কেউ।
শুরুতেই এগিয়ে যেতে পারতো কিংস। ১৪ মিনিটে সাদউদ্দিনের আড়াআড়ি পাস পেয়ে বক্সের অনেক বাইরে থেকে ডানপায়ের জোড়ালো শট নিয়েছিলেন রবিনিয়ো। সুজন সেটা রুখে দিয়েছেন কোনও রকমে।
২১ মিনিটেও ইমানুয়েল সানডের কাটব্যাকে বক্সের বাইরে থেকে মুজাফফরভের বাঁকানো শট পোস্টের অনেক দূর দিয়ে চলে যায়।
মোহামেডান একটু গুছিয়ে নিয়ে ৩০ মিনিটে সুযোগ তৈরি করার চেষ্টা করেছে। দিয়াবাতে বক্সের ভেতরে পরে গেলে পেনাল্টির দাবি উঠে। রেফারি তাতে অবশ্য সাড়া দেননি।
৩৮ মিনিটে দারুণ সুযোগ হেলায় হারান দোরিয়েলতন গোমেজ। সোহেল রানার নিঁখুত সেট আপ খুঁজে নিয়েছিল আনমার্কড দোরিয়েলতনকে। কিন্তু ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলোমেলো হেডে সুযোগ নষ্ট করলে হতাশ হতে দেয় বসুন্ধরাকে।
বিরতির পর দুঃসংবাদ হানা দেয় কিংস শিবিরে। ৪৭ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় তারা। মধ্যমাঠে বল দখলের লড়াইয়ে মোহামেডানের ওমর ফারুক বাবুকে পা শূন্যে তুলে বাধা দেওয়ার চেষ্টা করলে লাল কার্ড দেখেন তরুণ ফরোয়ার্ড রফিকুল ইসলাম।
এই সুযোগে ৫০ মিনিটে এগিয়ে যায় মোহামেডান। মুজাফফরভের কর্নারে ফাঁকায় ইমানুয়েল দারুণ হেডে গোলকিপার মেহেদী হাসান শ্রাবনকে পরাস্ত করেন। যদিও মোহামেডানের অগ্রগামিতা থাকেনি বেশিক্ষণ। ৫২ মিনিটে সমতায় ফেরে কিংস। রবিনহোর শট এক ডিফেন্ডার ঠিকমতো ব্লক করতে পারেননি। বক্সের ভেতরেই রাকিব বাঁ পায়ের দারুণ শটে জাল কাঁপিয়েছেন।
এক জন কম নিয়েও ৮৬ মিনিটে জয়সূচক গোলটি করে কিংস। মিগেলের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দারুণ এক পাসে দোরিয়েলতনের ডান পায়ের বুলেট গতির শট জড়িয়ে যায় জালে।
শেষ দিকে উত্তেজনাও ওঠে চরমে। সেটি কমাতে দুইদলকে একাধিকবার হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি জালাল উদ্দিন। এছাড়া মাঠে দুবার দর্শক ঢুকে পড়ায় খেলা চালাতে বিঘ্ন ঘটেছে।









