প্রিমিয়ার লিগে হ্যাট্রটিক জয় পেয়েছে বসুন্ধরা কিংস। শুক্রবার ঘরের মাঠে ফর্টিস এফসিকে ৩-১ গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের দল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে কিংস। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আটে ফর্টিস।
কিংস অ্যারেনায় নবম মিনিটেই এগিয়ে যায় কিংস। সোহেল রানার পাসে বাঁ প্রান্তে বল পান রাকিব, বক্সের মুখ থেকে তার নেওয়া ভাসানো শট দূরের পোস্ট দিয়ে জড়ায় জালে। লিগে এনিয়ে তৃতীয় গোল রাকিবের।
ম্যাচে ফিরতে অবশ্য সময় নেয়নি ফর্টিস। ১৩ মিনিটে কিংসের আত্মঘাতী গোলে সমতা ফেরায় দলটি। ফর্টিসের গাম্বিয়ান ফরোয়ার্ড ওমর সারের শট গোলকিপার শ্রাবণ ফিরিয়ে দিলেও ফিরতি বল তারিক কাজীর পায়ে লেগে জালে জড়ায়। ১৬ মিনিটে আরেকটি সুযোগ আসে ফর্টিসের সামনে। আরমান ফয়সাল আকাশের বাঁকানো শট ঝাঁপিয়ে ফেরান শ্রাবণ।
২১ মিনিটে আবারও এগিয়ে যায় কিংস। মধ্যমাঠ থেকে মিগেলের পাসে দোরিয়েলতনের নেওয়া শট গোলকিপার আজাদের গায়ে লেগে ফিরলেও ফিরতি বল অনায়াসে জালে পাঠান ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধে চলে কিংসের দাপট। সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারছিল না। ম্যাচে ফেরার সুযোগ এসেছিল ফর্টিসের সামনেও। কিন্তু ৬৮ মিনিটে শ্রাবণের দৃঢ়তায় গোল খেতে হয়নি কিংসের। গোললাইনের ওপর থেকে ভ্যালেরির কাটব্যাকে ওমর সারের জোরাল শট ফেরান শ্রাবণ, ফিরতি বলে পা ওমরের গতির শট শ্রাবণের পায়ে লেগে চলে যায় বাইরে।
কিংস ঠিকই ব্যবধান বাড়িয়ে নেয় ৭৩ মিনিটে। বদলি নামা রিমন হোসেন তৃতীয় গোল করেন।








