লিভারপুলে ৯ বছরের কোচিং ক্যারিয়ারের ইতি টানছেন ইয়ুর্গেন ক্লপ। এই মৌসুম শেষে স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ার সিদ্ধান্ত মালিকপক্ষকে জানিয়ে দিয়েছেন জার্মান কোচ।
২০১৫ সালের অক্টোবরে লিভারপুলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান ক্লপ। ২০২৬ সাল পর্যন্ত তার চুক্তি ছিল। অলরেডদের সঙ্গে তিনি সেরা সাফল্য পেয়েছেন চ্যাম্পিয়নস লিগে। ২০১৯ সালে তার দল ইউরোপ চ্যাম্পিয়ন হয়। তারপর ২০১৯-২০ মৌসুমে লিগও জেতে লিভারপুল, যা ৩০ বছরে প্রথম।
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে লিভারপুলকে শীর্ষে তোলা কোচ চলে যাওয়া প্রসঙ্গে বলেছেন, ‘নভেম্বরেই আমি ক্লাবকে বলে রেখেছি। আমি বুঝতে পারছি এটা এই মুহূর্তে অনেকের জন্য বড় ধাক্কা, যখন আপনি এমন কিছু প্রথমবার শুনবেন, সেটা স্বাভাবিক। কিন্তু অবশ্যই আমি ব্যাখ্যা দিবো কিংবা অন্তত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো।’
৫৬ বছর বয়সী জার্মান রেডদের দায়িত্ব নেওয়ার পর সবগুলো বড় ট্রফিই জিতেছে লিভারপুল। ২০১৯ সালে তারা তাদের ষষ্ঠ ইউরোপিয়ান কাপ জেতে ফাইনালে টটেনহ্যামকে হারিয়ে। তারপর উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ এবং প্রিমিয়ার লিগের শিরোপাও ঘরে তোলে।
২০২১-২২ মৌসুমে ঘরোয়া দ্বৈত শিরোপা জেতে লিভারপুল। অল্পের জন্য চার শিরোপা জেতা হয়নি। প্রিমিয়ার লিগ মৌসুমে শেষ দিনে ম্যানসিটি তাদের টপকে যায়। প্যারিসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও তারা পরাজিত হয় রিয়াল মাদ্রিদের কাছে।
গত মৌসুমে কোনও শিরোপা জিততে পারেনি লিভারপুল। তবে এবার তারা চার ট্রফির স্বপ্ন দেখতে পারে। গত বুধবার ফুলহ্যামকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে উঠেছে তারা।









