টানা দুই ম্যাচ জেতার পর চট্টগ্রাম আবাহনীর কাছে এসে আটকে গেলো মোহামেডান স্পোর্টিং, করতে হলো পয়েন্ট ভাগাভাগি। প্রিমিয়ার লিগে আরেক ম্যাচে সাজ্জাদ হোসেনের জোড়ায় শেখ জামাল ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।
শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে প্রথমার্ধের ২৩ মিনিটে ভালো সুযোগ পায় চট্টগ্রাম আবাহনী। কিন্তু মান্নাফ রাব্বির শট কাঁপায় বাইরের জাল।
মোহামেডানের সানোয়ার প্রথমার্ধে লাল কার্ড দেখেন। বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে সাদা কালোদের।
দ্বিতীয়ার্ধের খেলাতে স্কোরশিটে কোনও পরিবর্তন নেই। সুলেমানে দিয়াবাতে, ইমানুয়েল সানডেদের আক্রমণ ব্যর্থ হয়। যার কারণে ম্যাচ শেষে দুই দলকে এক পয়েন্টে নিয়ে থাকতে হয়েছে।
রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ব্রাদার্স প্রতিরোধের দেয়াল তুলে শেখ জামালকে আটকে রাখে ৭২ মিনিট পর্যন্ত। পরের মিনিটে প্রতিরোধ ভেঙে জামাল এগিয়ে যায়। সতীর্থের হেড পাস বক্সে ফাঁকায় পেয়ে নিখুঁত টোকায় প্রতিপক্ষের প্রতিরোধ ভাঙেন সাজ্জাদ।
দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের গোলটিও সাজ্জাদের। বাম দিক দিয়ে একক প্রচেষ্টায় আক্রমণ শানিয়ে ফয়সাল আহমেদ ফাহিমের পাসে গোলমুখ থেকে স্রেফ টোকা দেওয়ার কাজটুকু করেন এই ফরোয়ার্ড।
মোহামেডান ৫ ম্যাচে ১১ পয়েন্ট পেয়েছে। চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৩, শেখ জামাল ৬ ও ব্রাদার্স ইউনিয়নের ২।









