নব্বইয়ের দশকে ভারতের কলকাতায় ইস্ট বেঙ্গলের হয়ে মাঠ মাতিয়েছেন প্রয়াত মোনেম মুন্না-শেখ মোহাম্মদ আসলাম-রিজভী করিম রুমীরা। দীর্ঘদিন পর সেই ক্লাবের নারী দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় সানজিদা আক্তার। কয়েক দিন ধরে অনুশীলন করে চলছেন। ফাঁকে ক্লাবের হল অফ ফ্রেমে মুন্না-আসলামদের ছবিও খুঁজে বেড়াচ্ছিলেন। ব্যস্ততার ফাঁকে তা পেয়েও গেছেন। যারা সাফল্য পেয়েছেন সেই বিদেশি খেলোয়াড়দের একটি তালিকা ক্লাবে টানানে আছে। সেখানে বাংলাদেশের তিন তারকার ছবি রয়েছে। সানজিদা সেই ছবি দেখে অনুপ্রাণিত।
তা দেখিয়ে নিজে ছবিও তুলেছেন। তা নিজের ফেসবুক পোস্টে তুলে ধরে লিখেছেন, 'শেখ মোহাম্মদ আসলাম, প্রয়াত মুনেম মুন্না, গোলাম মোহাম্মদ গাউস, রিজভী করিম রুমী। বাংলাদেশ ফুটবলের আর্কাইভে কী ভারি নাম! শত বছরের ঐতিহ্যবাহী ক্লাব প্রাঙ্গণে আজ দেখলাম আমার দেশের সেই সকল হিরোদের ছবি। অগ্রজদের সম্মান ও ইস্ট বেঙ্গলের আস্থার প্রতিদান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে।'
আগামীকাল মাঠে ভারতীয় নারী ফুটবল লিগে ইস্ট বেঙ্গলের হয়ে ১০ নম্বর জার্সিতে সানজিদার অভিষেক হওয়ার কথা রয়েছে।









