ভোরে ঠাকুরগাঁও থেকে ট্রেনে ওঠে মোসাম্মৎ সাগরিকার বাবা যখন কমলাপুর স্টেশনে নামেন তার চেহারায় ছিল ক্লান্তির ছাপ। কিন্তু মিরপুর ওয়ালটনের স্পোর্টস উইংয়ের কার্যালয়ে প্রবেশ করতেই চোখে মুখে ছিল খুশির ঝিলিক।
কমলাপুর স্টেডিয়ামে চলমান অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফুটবল খেলছেন সাগরিকা। কিন্তু তার বাবা মোহাম্মদ লিটন আলী ঠাকুরগাঁওয়ে বসে সেই খেলা দেখেছিলেন অন্যের ধার করা টেলিভিশনে। সংবাদটা গণমাধ্যমে আসতেই তাকে টেলিভিশন উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয় ওয়ালটন।
ঠাকুরগাঁওয়ে সাগরিকার বাবার সঙ্গে যোগাযোগ করেন ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক ওয়ালটন হাইটেক পিএলসি এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এরপর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে বৃহস্পতিবার ভোরে ঢাকায় আসেন সাগরিকার বাবা মোহাম্মদ লিটন আলী ও মা আঞ্জু বেগম।
বৃহস্পতিবার সকালে এই দম্পতির হাতে তুলে দেওয়া হয় ওয়ালটনের ৩২ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি।
টেলিভিশন হাতে পেয়ে উচ্ছ্বসিত লিটন আলী বলছিলেন, ‘আমি কল্পনাও করিনি ওয়ালটন এভাবে আমাদের ডেকে এনে টেলিভিশন উপহার দেবে। আমরা ওয়ালটনের কাছে কৃতজ্ঞ। আমি এখন মেয়ের খেলা এই টেলিভিশনে দেখতে পারব।’
সাগরিকার মা-বাবাকে টেলিভিশন দেওয়ার পর ইকবাল বিন আনওয়ার বলেছেন, ‘আমরা চেষ্টা করছি দেশের ক্রীড়াঙ্গনকে নতুন জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আমাদের দায়বদ্ধতাও আছে। আমাদের টিমের মধ্যে সাগরিকা খুব ভালো খেলোয়াড়। তার গোলে বাংলাদেশ ফাইনালে উঠেছে। আমি বিশ্বাস করি সাগরিকারা ভালো খেলবে। সাগরিকার বাবা অন্যের টেলিভিশনে মেয়ের খেলা দেখেন। এই খবর পেয়ে আমরা সিদ্ধান্ত নেই তাকে টেলিভিশন উপহার দেবো। সাগরিকার বাবা-মা যেন তার মেয়ের খেলাটা ওয়ালটনের টেলিভিশনে দেখতে পারে সেই ব্যবস্থা করেছি।’









