বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) দ্বিবার্ষিক সাধারণ সভা হয়েছে শনিবার। রাজধানীর একটি রেস্তোরাঁয় এই সভায় নতুন কমিটিও গঠন হয়েছে।
এতে ২০২৪-২৫ সালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কনক রায়। সাধারণ সম্পাদকের পদে আগের মতোই আছেন শাহাদাত হোসেন জুবায়ের।
দেশের বিভিন্ন জেলা হতে আসা সদস্যরা যোগ দেন এই সভায়। কমিটির আহবায়ক জালাল হোসেন লাইজুর সভাপতিত্বে শুরু হয় সভার কার্যক্রম। শুরুতে সভাপতি শুভেচ্ছা বক্তব্য দেন। এরপর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন গত কমিটির বিস্তারিত বিবরণ এবং সামগ্রিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন।
সভায় সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সদস্যরা মুক্ত আলোচনায় অংশ নেন। এছাড়া এজেন্ডা অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব আনা হয় ও উপস্থিত সভায় তা পড়ে শোনানো হয়।
দ্বিবার্ষিক সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মহিদুর রহমান মিরাজ, ওয়ারী ক্লাবের ফুটবল সম্পাদক জহিরুল হক সুমনসহ অনেকে।









