বিশ্বকাপ বাছাইয়ে আজ মঙ্গলবার কাতারে খলিফা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও লেবানন। গ্রুপের এই শেষ খেলায় বাংলাদেশ দলে আগের ম্যাচের কোচ হাভিয়ের কাবরেরাই রয়েছেন। তবে মধ্যপ্রাচ্যের দলটি তিন দফা কোচ পাল্টেছে। নভেম্বরে ঢাকায় এসেছিলেন সার্বিয়ান কোচ। আর আজ কাতারের লেবাননের ডাগআউটে থাকছেন ক্রোয়েশিয়ান কোচ। ঢাকায় ম্যাচ ১-১ গোলে ড্র হলেও কাতারে তিন পয়েন্ট চায় লেবানন।
বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আজ ম্যাচ জিততে চায়। লেবাননের নতুন কোচ মিয়োদ্রাগ রাদুলোভি কম যান না। বাংলাদেশ দলকে তার কঠোর বার্তা, 'বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল লেবানন। আমি সেই ম্যাচটা দেখেছি। নভেম্বরের লেবানন আর এই লেবানন এক নয়।’
আজ লেবাননের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন ১২২ ম্যাচ খেলা হাসান মার্দুক। নতুন কোচ চান তার বিদায়কে স্মরণীয় রাখতে, 'সে কিংবদন্তি খেলোয়াড়। তাকে জয় দিয়ে বিদায় জানানোর জন্য সবাই প্রস্তুত।'
সর্বশেষ ৭ আন্তর্জাতিক ম্যাচে কোনও জয় নেই লেবাননের। ৬ জুন ফিলিস্তিনের সঙ্গে ড্র করেছে তারা। সেই ফলকে ইতিবাচক মনে করে কোচ বলেছেন, 'লেবানন সেদিন খেলেছে ফিলিস্তিনের বিপক্ষে। ফিলিস্তিন খুবই ভালো দল। সে দলের সঙ্গে আমরা ড্র করেছি। ম্যাচটা ভালো খেলেছে সবাই।’









