সবার আগে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গ্রুপের শেষ ম্যাচ খেলবে পেরুর বিপক্ষে। ঊরুতে হালকা চোট পাওয়া লিওনেল মেসি হয়তো এই ম্যাচে মাঠের বাইরে থাকবেন। আগামী রবিবার মুখোমুখি হবে দুই দল।
৩৭তম জন্মদিন পালনের পর বুধবার মেসি কোপা আমেরিকায় মাঠে নেমেছিলেন। কিন্তু চিলির বিপক্ষে কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি। তবে ৮৮ মিনিটে তার কর্নার থেকেই আসে জয়সূচক গোল। কিন্তু জয় ছাপিয়েও আলোচনায় এখন মেসির ইনজুরি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধেই সাইডলাইনে কিছুক্ষণের জন্য মেডিক্যাল টিমের দ্বারস্থ হতে হয় তাকে। সেবা নিয়ে আর্জেন্টাইন অধিনায়ক মাঠে ফিরে সম্পূর্ণ ম্যাচটা শেষ করেছেন।
মেসি গোলের সুযোগ তৈরি করেন ৩৬ মিনিটে। সেটি গিয়ে আঘাত করে পোস্টে। ম্যাচের পর জানিয়েছেন অস্বস্তির কথা। সেভাবে নিজেকে মেলে ধরতে না পারার কারণ হিসেবে শারীরিক অসুস্থতার বিষয়টিকেই সামনে এনেছেন তিনি, ‘বেশ কিছুদিন গলা ব্যথা ও জ্বরে ভোগার পর খেলতে নেমেছি। মনে হয় এই বিষয়টা খেলায় প্রভাব ফেলেছে। ইনজুরির কথা বললে এটা পুরোনো কিছু নয়। এটা মূলত মাসল স্প্যাজম।’
প্রথমার্ধে কড়া ট্যাকলের শিকার হয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। যে কারণে ডান হ্যামস্ট্রিংয়ে সমস্যাতেও ভোগেন। ২৪ মিনিটে গাব্রিয়েল সুয়াজোর লাথির পর প্রায় দুই মিনিটের মতো ডান পায়ের ঊঁরুতে মেডিক্যাল টিমের সেবা নেন তিনি। তবে বিষয়টা খুব গুরুতর- সেটা শোনা যায়নি তার কথায়, ‘ডান হ্যামস্ট্রিংয়ে অস্বস্তিতে ভুগেছি। সেটা ছিল শুরুতে। জায়গাটা শক্ত হয়ে আসছিল। কিন্তু সেটা শিথিল থাকার কথা। তার পরেও আমি ম্যাচটা শেষ করতে পেরেছি। এখন দেখা যাক সামনে বিষয়টা কতদূর গড়ায়।’
কোচ লিওনেল স্কালোনিও মেসিকে বিশ্রাম দিয়ে কোয়ার্টার ফাইনালের জন্য ফিট রাখার ব্যাপারে কিছু বলেননি। তবে আর্জেন্টাইন ধারাভাষ্যকারদের দৃঢ় ধারণা, দলের প্রাণভোমরাকে বিশ্রাম দিবেন তিনি।









