২০১৪ বিশ্বকাপ দিয়ে নজর কেড়েছিলেন হামেস রদ্রিগেস। উরুগুয়ের বিপক্ষে বুক দিয়ে নামিয়ে তার অসাধারণ গোলটি এখনও বিশ্বকাপের অন্যতম আইকনিক মোমেন্টের অংশ। সেই কলম্বিয়ান তারকা চলতি কোপা আমেরিকায় নতুন করে চেনাচ্ছেন নিজেকে। এক আসরে সর্বোচ্চ অ্যাসিস্ট করে ভেঙেছেন মেসির রেকর্ড। যা টুর্নামেন্টের সর্বোচ্চও।
এক আসরে গতবার আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের মিশনে মেসির অ্যাসিস্ট ছিল রেকর্ড ৫টি। এই আসরে সেই মেসিকেও ছাড়িয়ে গেছেন কলম্বিয়ার অ্যাটাকিং মিডফিল্ডার। ৬ অ্যাসিস্টে দলকে ফাইনালে তুলতে অবদান রেখেছেন।
নর্থ ক্যারোলিনার ব্যাংক অব অ্যামেরিকা স্টেডিয়ামে জেফারসন লারমার দর্শনীয় হেডের গোলটি এসেছে রদ্রিগেসের কর্নার থেকে।
রদ্রিগেস কোপার গ্রুপ পর্ব শুরু করেন দুই অ্যাসিস্ট দিয়ে। প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচেই দুটি অ্যাসিস্ট ছিল তার। তার পর কোস্টারিকার বিপক্ষে একটি এবং কোয়ার্টার ফাইনালে পানামার বিপক্ষে ছিল দুটি।
রবিবার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নিজেকে আরও উচ্চতায় নেওয়ার সুযোগ তার সামনে। কলম্বিয়ান তারকা আরেকটি স্মরণীয় মুহূর্তের জন্ম দিতে পারেন কিনা সেটাই দেখার!









