ভিয়ারিয়ালের বিপক্ষে ২১ সেপ্টেম্বর লা লিগা ম্যাচে হাঁটুর গুরুতর চোটে পেয়ে বার্সেলোনাকে বিপদে ফেলে দেন মার্ক আন্দ্রে টের স্টেগেন। অস্ত্রোপচারের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হচ্ছে জার্মান গোলকিপারকে। তার অনুপস্থিতিতে গোলপোস্টের নিচে কাকে দাঁড় করাবে বার্সা, তা নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল। এই কিপার সংকটের মধ্যে সাবেক জুভেন্টাস গোলকিপার উজচেখ শেসনি হাত বাড়ালেন। অবসর ভেঙে বার্সেলোনায় যোগ দিলেন পোলিশ তারকা।
প্রায় এক সপ্তাহ ধরে বার্সা ও শেসনির ক্যাম্পের মধ্যে আলাপ চলেছে। চলতি মৌসুমের শেষ পর্যন্ত মানে ২০২৫ সালের জুন পর্যন্ত তাদের মধ্যে চুক্তি হয়েছে।
গত সোমবার বার্সেলোনায় পা রাখেন শেসনি। তারপর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মঙ্গলবার রাতে ইয়াং বয়েসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ দেখেছেন গ্যালারিতে বসে। অলিম্পিক স্টেডিয়ামে তিনি তার নতুন ক্লাবের ভক্তদের অটোগ্রাফ দেন এবং শুভেচ্ছা জানান নতুন সতীর্থদেরকে।
নিয়ম অনুযায়ী ট্রান্সফার উইন্ডো বন্ধ থাকলেও লা লিগার শীর্ষ দল এমন কারও সঙ্গে চুক্তি করতে পারবে, যিনি বর্তমানে খেলছেন না। সেই শর্ত বিবেচনায় শেসনিকে দলে টানলো কাতালান জায়ান্টরা।
৩৪ বছর বয়সী শেসনি গত মৌসুম শেষে জুভেন্টাস ছাড়েন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পোল্যান্ডের হয়ে গ্রুপ পর্বে দুটি ম্যাচে খেলেছেন তিনি। গ্রুপ থেকে দেশ ছিটকে যাওয়ার পর পেশাদার ফুটবল থেকে অবসর নেন শেসনি।
২০১৭ সালে জুভেন্টাসে যোগ দেওেয়ার আগে ক্যারিয়ারের বেশিরভাগ সময় প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালে ছিলেন শেসনি। ১৬ বছর বয়সে গানারদের সঙ্গে যোগ দেন তিনি। এছাড়া ব্রেন্টফোর্ড ও এএস রোমায় ধারে খেলেছেন।









