ম্যানচেস্টার ডার্বির আগেই পেপ গার্দিওলার মুখোমুখি হচ্ছেন হবু ম্যানইউ কোচ রুবেন আমোরিম। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে সিটির বিপক্ষে খেলবে তার বর্তমান ক্লাব স্পোর্তিং লিসবন। এর আগে স্প্যানিশ কোচকে প্রশংসায় ভাসালেন পর্তুগিজ চ্যাম্পিয়ন দলের কোচ।
আগামী সপ্তাহে ম্যানইউর দায়িত্ব নিতে যাচ্ছেন আমোরিম। লিসবনের সঙ্গে শেষের আগের ম্যাচেই পেতে যাচ্ছেন গার্দিওলার বিপক্ষে লড়াইয়ের স্বাদ।
সোমবার স্পোর্ত টিভিকে আমোরিম বললেন, ‘(সিটির আছে) বিশ্বের সেরা দল এবং বিশ্ব সেরা কোচ।’
২০২২ সালের চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোতে স্পোর্তিংয়ের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে জিতেছিল সিটি। আমোরিম বললেন, তারপর থেকে কোচ হিসেবে উন্নতি করলেও গার্দিওলা ও তার মাঝে তফাৎ রয়েই গেছে।
তার কথা, ‘আমার মনে হয়, এখন আমি আগের চেয়ে ভালো কোচ। দুর্ভাগ্যবশত আমি অনুভব করি, পেপ গার্দিওলা আরও বেশি ভালো কোচে পরিণত হয়েছেন, সুতরাং ব্যবধান আছেই। পেপ গার্দিওলা আমাদের অনেক কোচ এবং অন্যদের কাছে একজন অনুপ্রেরণা ছিলেন।’
এক সপ্তাহ আগে এরিক টেন হ্যাগকে বরখাস্ত করেছে ম্যানইউ। তার সঙ্গে ছাড়াছাড়ির পর প্রথম ম্যাচেই ড্র করেছে তারা। বর্তমানে প্রিমিয়ার লিগ টেবিলের ১৩তম স্থানে ম্যানচেস্টার ক্লাব। এখন দেখার অপেক্ষা ৩৯ বছর বয়সী নতুন কোচ ক্লাবের সোনালি দিনগুলো ফেরাতে পারেন কি না!









