চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির একদল সমর্থক দৈত্যাকৃতির বিশাল এক ব্যানার প্রদর্শন করেছে বুধবার। তাতে লেখা ছিল ‘ফ্রি প্যালেস্টাইন’। সেই ব্যানার ফ্রান্সে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে ফরাসিদের স্বরাষ্ট্র মন্ত্রী তা মোটেও ভালোভাবে নেননি।
অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা মাঠে গড়িয়েছে পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে। আর ম্যাচের আগ দিয়ে স্টেডিয়ামের বিশাল একটা অংশ জুড়েই ছিল সেই ব্যানার। তাতে শুধু ফ্রি প্যালেস্টাইল লেখাই ছিল না। সেখানে শোভা পাচ্ছিল রক্তে মাখা ফিলিস্তিনি পতাকা। পাশাপাশি ছিল স্কার্ফে ঢাকা একজনের অবয়ব যার শুধু চোখ উন্মুক্ত ও ছোট বাচ্চা যার শরীর লেবানিজ পতাকায় ঢাকা। উপরের অংশ জুড়ে ছিল জেরুজালেমের আল আকসা মসজিদ।
মূলত গাজায় ইসরায়েলের মিলিটারি অপারেশনে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনার প্রতিবাদ স্বরূপ এমন ব্যানার প্রদর্শিত হয়েছে। কিন্তু ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বুহনো হোতাইয়ুর কাছে এমন ব্যানারের কোনও স্থান নেই। তিনি প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, ‘এই স্টেডিয়ামে এই ব্যানারের কোনও স্থান নেই।’
এই ঘটনায় পিএসজির কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনি, ‘আমি পিএসজির কাছে এর ব্যাখ্যা চাই। তাদের নিশ্চিত করতে হবে রাজনীতি যেন খেলার ভাবমূর্তি ধ্বংস করতে না পারে। কারণ খেলাধুলা সব সময়ই ঐক্যের প্রতীক।’
এই ঘটনা আবারও ঘটলে ব্যানার নিষিদ্ধের হুমকি দেন তিনি। পরে একটি রেডিওতে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। সেখানে বলেছেন এই ধরনের ব্যানার অগ্রহণযোগ্য।
যতটুকু জানা গেছে, ব্যানারটি প্রদর্শন করেছে প্যারিস আলট্রাস কালেক্টিভ নামের একটি গোষ্ঠী। যাদের হার্ডকোর ফ্যানগ্রুপ হিসেবেই সবাই চেনে। ব্যানারের ওপরে আরেকটি স্লোগান লেখা ছিল, ‘মাঠে যুদ্ধ কিন্তু বিশ্বে শান্তি নেমে আসুক’
পরে পিএসজি বিবৃতিতে বলেছে, এমন কিছু প্রদর্শিত হবে সেটা ক্লাব কর্তৃপক্ষ জানতো না।








