ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের জয়রথ চলছেই। প্রিমিয়ার লিগে আবাহনী-বসুন্ধরা কিংস হারলেও এখনও অজেয় সাদা-কালোরা। আজ শুক্রবারও পুলিশ এফসিকে ৩-১ গোলে হারিয়েছে আলফাজ আহমেদের দল।
লিগে মোহামেডান চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে। পুলিশ সমান ম্যাচে আগের ৬ পয়েন্ট নিয়ে আছে পাঁচে।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সানডে-টনি-দিয়াবাতের নৈপুণ্যে জয় এসেছে। ম্যাচের ৩১ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। মুজাফফরভের কর্নারে ইমানুয়েল টনি জোরালো হেডে দলকে লিড এনে দেন।
৪০ মিনিটে মোহামেডান ব্যবধান দ্বিগুণ করে। রিয়াদুল হাসান রাফির ক্রসে ইমানুয়েল সানডে ডিফেন্ডারদের মাঝ দিয়ে দারুণ এক ক্ষিপ্রতায় প্লেসিং করে দেন।
প্রথমার্ধের শেষ দিকে মুজাফফরভের কর্নারে দিয়াবাতের হেড পোস্টের বাইরে দিয়ে যায়।
যোগ করা সময়ে পুলিশ এফসি এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। আল আমিন আড়াআড়ি শটে গোল করে ব্যবধান কমান। এ নিয়ে এই ফরোয়ার্ডের গোলসংখ্যা হলো পাঁচটি।
৭১ মিনিটে দিয়াবাতে দলের হয়ে তৃতীয় গোল করেন। মুজাফফরভের দারুণ এক পাস থেকে মালির স্ট্রাইকার বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের ওপর দিয়ে ঠেলে দেন জালে। দিয়াবাতের গোলও ৫টি। শেষ সময় পর্যন্ত একই স্কোরলাইন ধরে রেখে সাদা-কালোরা জয় নিয়ে মাঠ ছেড়েছে।









