হামজাকে ঘিরেই নতুন বছরে এগিয়ে যেতে চায় বাংলাদেশ

তানজীম আহমেদ
০১ জানুয়ারি ২০২৫, ১৭:১৭আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৭:১৭

গ্রীষ্মের খরতাপে এক পশলা বৃষ্টির স্বস্তি ফিরিয়ে আনার মতোই ধুঁকতে থাকা বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর লাল-সবুজ দলের হয়ে খেলার খবরটি বেশ ভালো টনিক হয়ে কাজ করছে। দেশের পিছিয়ে পড়া ফুটবল এখন ইংলিশ লিগে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে। পাশাপাশি নতুন বছরে হামজাকে ঘিরেই এগিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প।

নতুন বছর ২০২৫ আজ থেকে শুরু হয়েছে। এবছর বাংলাদেশের ফুটবলে ব্যস্ত সূচি। বিশেষ করে এশিয়ান কাপের বাছাইপর্ব ও সাফ চ্যাম্পিয়নশিপ আছে। আগামী মার্চ থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এশিয়ান কাপ বাছাইয়ের ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘সি’ তে ভারত, হংকং, সিঙ্গাপুর ও বাংলাদেশ রয়েছে। এছাড়া জুলাই কিংবা বছরের অন্য সময়ে সাফের সিনিয়র আসর রয়েছে। রয়েছে ফিফা প্রীতি ম্যাচও।

তাই কোচ কিংবা খেলোয়াড়দের কাছে এবছরও বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দলে তিন বছর ধরে হাভিয়ের কাবরেরা কোচ হয়ে কাজ করছেন। যদিও আজ থেকে তিনি আর কোচ নেই। চুক্তির মেয়াদ শেষ হয়েছে আগের দিনই। তবে স্প্যানিশ কোচ আশাবাদী, মেয়াদ বাড়বে। তাই গত বছরের শেষ দিকে এসে বাংলা ট্রিবিউনকে নতুন বছর নিয়ে ইঙ্গিত দিয়েছেন এভাবে, ‘বাংলাদেশ জাতীয় দলের হয়ে হামজার খেলা নিশ্চিত হওয়া খুবই ভালো খবর। সে কেবল তার টেকনিক্যাল গুণের কারণেই নয়, তার পেশাদারিত্ব, বিজয়ের মানসিকতা এবং নেতৃত্বের কারণে দলকে অনেক ইতিবাচক ব্যাপার এনে দেবে। যা এশিয়ান কাপের বাছাই পর্বে বেশ কাজে দেবে। আমি নিশ্চিত যে আমরা সঠিক পথে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতে অনেক ইতিবাচক ব্যাপার হতে চলেছে।’

কাবরেরার পাশাপাশি নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াও নতুন বছর নিয়ে রোমাঞ্চিত। এশিয়ান কাপ বাছাইপর্বে তার দৃষ্টি। ডেনমার্ক থেকে আশাবাদী কণ্ঠে শুনিয়েছেন, ‘আশা করছি নতুন বছরটি আমাদের জন্য দারুণ হবে। এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের মাঠে সবকটি ম্যাচ জিততে চাই। এছাড়া অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট নেওয়া লক্ষ্য। এর মধ্যে ভারতের বিপক্ষে নিজেদের মাঠে লড়াইটাও জমবে। এসব ম্যাচে হামজাকে পেলে দারুণ হবে। আমরা অপেক্ষায় আছি। ভালো কিছু হবে। এছাড়া সাফ চ্যাম্পিয়নশিপসহ অন্য ম্যাচ তো রয়েছেই।’

হামজা শুধুই দলের হয়ে খেলবেন না, তার কাছ থেকে অন্যরা অনেক কিছু শেখার আশায় আছেন। এই যেমন আবাহনী লিমিটেডের গোলকিপার মিতুল মারমা তার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করবেন বলে আশা করে আছেন। ২৭ বছর বয়সী ফুটবলারের কাছ থেকে কিছু শেখার আগ্রহ তার, ‘নতুন বছরে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভালো খেলাটা আমাদের জন্য বড় পরীক্ষা। ভারত, হংকং, সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচগুলোয় আমাদের লক্ষ্য থাকবে ভালো খেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার। এতে করে ফিফা র‌্যাঙ্কিংও বাড়বে। এছাড়া হামজা চৌধুরীর মতো বড়মাপের খেলোয়াড় দলের হয়ে খেললে আমাদের অনেক উপকার হবে। ইংল্যান্ডের লেস্টার সিটির ফুটবলারের কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে।’

বাফুফে মার্চে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে হামজার অভিষেক করাতে চাইছে। এরজন্য চলছে প্রস্তুতিও। এখন দেখা যাক নতুন বছরটি লাল-সবুজ দলটির জন্য কেমন কাটে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি