চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম শুরুতে ১০ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বরাদ্দ দেওয়া হয়েছিল।
তবে ফিফার নিয়ম অনুযায়ী কমপক্ষে ২০ বছরের অধিকৃত না থাকলে সেখানে তারা বিনিয়োগ করে না। তাই জাতীয় ক্রীড়া পরিষদও নতুন করে আবেদনের পর বাফুফের অনুকূলে ২৫ বছরের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে।
মাঠ সঙ্কট কাটাতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম বরাদ্দ চেয়েছিল বাফুফে।
বিষয়টি নিশ্চিত করে এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম প্রথমে ১০ বছরের জন্য বাফুফেকে বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই সময় বাড়ানো হয়েছে। ২৫ বছরের জন্য বাফুফেকে এই স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছে।’
শিগগিরই বরাদ্দের চিঠি পেয়ে যাবে বাফুফে। এমনটাই জানালেন আমিনুল ইসলাম, ‘বরাদ্দের সিদ্ধান্ত হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানানো বাকি। এটা শুধুই আনুষ্ঠানিকতা। চিঠিও লেখা হয়ে গেছে। আশা করি, আগামী ২-৩ দিনের মধ্যেই বাফুফে চিঠি হাতে পাবে।’
নীলফামারী স্টেডিয়ামও বাফুফের অনুকূলে বরাদ্দ দেওয়ার কথা বার্তা চলছে বলে জানা গেছে।









