স্প্যানিশ সুপার কাপে হয়তো খেলার কথা ছিল দানি ওলমোর। কিন্তু স্পেনের শীর্ষ ক্রীড়া আদালতের রায় এসেছে ভীষণ দেরিতে। শেষ পর্যন্ত তাকে ছাড়াই সেমিফাইনালে অ্যাথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।
আদালতের রায়ে ওলমোকে এখন অস্থায়ীভিত্তিতে খেলাতে পারবে কাতালানরা। একই অবস্থা হয়েছে পাউ ভিক্টরেরও। আদালতের এই ঝামেলা চললেও বার্সা মাঠে নিজেদের ভালো মতোই সামাল দিয়েছে। ১৭ মিনিটে তাদের এগিয়ে দেন গাভি। তার ক্লোজ রেঞ্জের শটের পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান লামিনে ইয়ামাল।
দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ-মায়োর্কা মুখোমুখি হবে। এই ম্যাচে জয়ী দলের সঙ্গেই শিরোপা লড়াইয়ে নামবে তারা। ম্যাচ নিয়ে ইয়ামাল মুভিস্টারকে বলেছেন, ‘অ্যাথলেতিক শারীরিকভাবে ভীষণ শক্তিশালী দল। যার ফলে প্রচুর দৌড় লাগাতে হয়। শেষ পর্যন্ত আমরা সবাই ভুগেছি। তার পরেও ভালো খেলতে পারায় আমরা অনেক আনন্দিত।’
ওলমো ও ভিক্টরকে নিয়ে ম্যাচের পর কথা বলেছেন ইয়ামাল। এই উইঙ্গার জানান, খেলার অনুমতি পাওয়ায় ওলমো ও ভিক্টর ভীষণ খুশি, ‘খেলতে না পারলে যে কেউ অস্থির থাকে। ভালো খবর পেলে তখন যে কেউ খুশি হবে।’
ফল ছাপিয়ে ম্যাচের পর আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় ওলমো ও ভিক্টরের খেলতে পারার বিষয়টি। বার্সা কোচ হান্সি ফ্লিকও স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের দেওয়া রায়ের প্রশংসা করে বলেছেন, ‘পুরো ক্লাবই আনন্দিত। কারণ এটা ছিল সঠিক সিদ্ধান্ত। দেখাতে চাই, আমরা একটা দল এবং তাদের জন্যও জিততে চাই।’








