ফর্মের তুঙ্গে রয়েছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদকে সুপার কাপে ৫-২ গোলে বিধ্বস্ত করার পর কোপা দেল রেতেও একই নৈপুণ্যের প্রদর্শনী করেছে তারা। রিয়াল বেতিসকে ৫-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নিয়েছে। অবশ্য এমন দুর্দান্ত ম্যাচে আলো ছড়িয়েছেন টিনএজ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। একটি গোলের সঙ্গে দুটি গোল বানিয়ে দিয়েছেন তিনি।
লা লিগার দলটিকে কাবু করতে এদিন অবশ্য পূর্ণ শক্তি নিয়ে নামেনি কাতালান দল। বিশ্রামে ছিলেন রবের্ত লেভানডোভস্কি, মার্ক কাসাদো ও আলেহান্দ্রো বালদে। তার পরেও ম্যাচের শুরু থেকে ছিল তাদের আধিপত্য। জাল কাঁপায় ম্যাচের তৃতীয় মিনিটে। দানি ওলমোর অ্যাসিস্ট থেকে নিচু শটে জাল কাঁপান গাভি। বিশ মিনিটে ওলমো নিজেও গোল পেতে যাচ্ছিলেন। দুর্ভাগ্য তা আঘাত করে পোস্টে। ৭ মিনিট বাদে অবশ্য ভুল করেননি জুলস কুন্দে। স্কোর ২-০ করেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন লামিনে ইয়ামাল।
বিরতির পরেই গোল উৎসব করে বার্সা। ৫৮ মিনিটে ইয়ামালের প্রতি আক্রমণ থেকে বার্সার তৃতীয় গোল এনে দেন রাফিনহা। তার আগে ভার রিভিউতে অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় কুন্দে ও ইয়ামালের গোল।
৬৭ মিনিটে বদলি নামা ফেরান তোরেস ওলমোর ক্রস থেকে জাল কাঁপান। ৭৫ মিনিটে প্রতি আক্রমণ থেকে এবার নিজেই পঞ্চম গোলটি করেছেন ইয়ামাল।
পাঁচ গোল খেয়ে বেতিস ৮৪ মিনিটে সান্ত্বনাসূচক একটি গোল শোধ দেয়। গোলটি করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিক্টর রকি।








