কাল শেষ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া। দেড় মাসের বেশি সময় পেলেও দেশের শীর্ষ ক্লাবগুলো এখনও তাদের নিবন্ধন প্রক্রিয়া শেষ করেনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২টি দলের মধ্যে আজ প্রথম দল হিসেবে খেলোয়াড় নিবন্ধন শেষ করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
২০১২-১৩ মৌসুমে ট্রেবল শিরোপা জিতেছিল বাংলার অল ব্লুজরা। এরপরের দুই মৌসুম অবশ্য কোনও ট্রফিই জিততে পারেনি। দেশের শীর্ষস্থানীয় কোচ মারুফুল হক জাতীয় দল ঘুরে আবার ক্লাব কোচিংয়ে ফিরেছেন। শেখ রাসেলেই তার কোচিং ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন। জাতীয় দলে টানা দুই টুর্নামেন্টে ব্যর্থ হওয়ায় খানিকটা সমালোচনার শিকার হয়েছিলেন মারুফ। ক্লাব কোচিংয়ে আগে সাফল্য পেলেও এবার নিজেকে পুনরায় প্রমাণ করার বিষয়টি কাজ করছে।
দলবদলের দিন সেই চ্যালেঞ্জটা নিলেন মারুফ। তিনি বলেন, 'শেখ রাসেল দলটি চ্যাম্পিয়ন হওয়ারই মতোই। এবারের লিগে আমরা শিরোপার অন্যতম দাবিদার।’ শেখ রাসেল দলটি প্রায় ছয় সপ্তাহ অনুশীলন করেছে। জাতীয় দলের সাত ফুটবলারসহ বিপ্লব, এমিলি, মিঠুন, মিশুদের মতো অভিজ্ঞ ফুটবলার রয়েছে মারুফের। এর পরেও দুশ্চিন্তায় মারুফ। তিনি বলেন, 'সেন্ট্রাল ডিফেন্স নিয়ে আমি চিন্তিত। প্রতিষ্ঠিত কোনও সেন্ট্রাল ডিফেন্ডার আমার দলে নেই। বিদেশি দিয়ে এই জায়গা পূরণ করার চেষ্টা করব।'
আসন্ন লিগে চার জন বিদেশি রেজিস্ট্রেশন ও তিন জন খেলানোর নিয়ম রয়েছে। শেখ রাসেল গতকাল দুই ফরোয়ার্ড ইকাঙ্গা ও ফিকরুকে নিবন্ধন করিয়েছে। আরেক ফিনল্যান্ডের খেলোয়াড়কে দেখা গেলেও তার নিবন্ধন ফরম অবশ্য জমা দেয়নি। আইএসএলে অ্যাথলেটিকো ডি কলকাতায় দুর্দান্ত খেলেছিলেন ফিকরু। শেখ রাসেলে নিবন্ধিত হয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এভাবে, 'নতুন দল নতুন চ্যালেঞ্জ। দলকে চ্যাম্পিয়ন করানোই লক্ষ্য। আমার ব্যক্তিগত তেমন কোনও লক্ষ্য নেই। আমি গোল না পেলেও শেখ রাসেল জিতলেই আমার সন্তুষ্টি।'
শেখ রাসেলের পর দলবদল সম্পন্ন করেছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দেশি খেলোয়াড় নির্ভর দলটির প্রত্যাশা সাত- আট নম্বরে থেকে লীগ শেষ করা। গত মৌসুমে অবশ্য দশম হয়ে কোনওরকমে রেলিগেশন এড়িয়েছিল রহমতগঞ্জ।
শেখ রাসেলের খেলোয়াড়বৃন্দ:রাসেল মাহমুদ লিটন, বিপ্লব ভট্টাচার্য্য, জিয়াউর রহমান ( গোলরক্ষক), আতিকুর রহমান মিশু, জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরি, জামাল ভূইয়া, মোনায়েম খান রাজু, সাখওয়াত রনি, নাসিরুল ইসলাম, শাহেদুল আলম শাহেদ, রুম্মন, ফজলে রাব্বি, সৈকত, মিন্টু শেখ, আলমগীর কবির রানা, রাশেদুল আলম মনি, অরুপ বৈদ্য,নাহিদুল ইসলাম, উত্তম কুমার, রাজন,বাবলু, কোমল, ফিকরু, ইকাঙ্গা, অনিক ও সাইফুল ইসলাম খোকন।
/আরএম/এমআর/








