তাবিথ আউয়ালের নেতৃত্বে কমিটি এসে জেলা লিগ করার দিকে জোর দিয়েছে। আজ জেলা লিগ কমিটির সভাতে সব জায়গায় লিগ আয়োজন করা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় শাস্তিও পেতে হতে পারে বলে জানা গেছে।
বাফুফে জেলা ফুটবল লিগের প্রথম সভা শেষে বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। সভা শেষে তিনি বলেছেন, ‘এরই মধ্যে ১৩-১৪টি জেলা লিগ খেলার জন্য তৈরি হয়ে গেছে। আমি বলেছি, লিগ সব জেলায় আয়োজন করা বাধ্যতামূলক। এটা কীভাবে আকর্ষণীয় করা যায় সেটাই ভাবছি। এরপর আমরা সব জেলা চ্যাম্পিয়ন দল নিয়ে সারা দেশে একটা টুর্নামেন্ট করবো।'
এরপরই জানালেন, 'শুরুতে সব জেলায় লিগ আয়োজন একটু কষ্টসাধ্যই হবে। কিন্তু যেসব জেলায় খেলা আয়োজনে সমস্যা রয়েছে সেই জেলার সঙ্গে কমিটি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবে।’
প্রাথমিকভাবে মাগুরা, নড়াইল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, মাদারীপুর, ফরিদপুর, সিলেট, ময়মনসিং, নারায়ণগঞ্জ, গাজীপুর, দিনাজপুর ও সুনামগঞ্জ জেলায় লিগ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
কমিটির আরেক সদস্য গোলাম গাউস অবশ্য বলেছেন, 'লিগ আয়োজন না করতে পারলে আমরা শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। তবে তা সামনের দিকে পরিষ্কার হবে। আমাদের সভাপতি দেশে ফিরেছেন। তার সঙ্গে আলোচনা করে ভবিষ্যতের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে।’









