দুবাইয়ে ক্লাবের মধ্য মৌসুমের ট্রেনিং ক্যাম্পে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন কাই হ্যাভার্জ। আর্সেনাল জানিয়েছে, কিছুদিনের মধ্যে অস্ত্রোপচার হবে এই ফরোয়ার্ডের। মৌসুমের বাকি সময়ে আর মাঠে নামতে পারবেন না তিনি।
এই ইনজুরি আর্সেনালের জন্য বিরাট ধাক্কা। ক্লাবটিতে এখন কোনও স্বীকৃত স্ট্রাইকার নেই। হাঁটুর চোট নিয়ে মৌসুম শেষ হয়ে গেছে গ্যাব্রিয়েল জেসুসের।
চলতি মৌসুমে মিকেল আর্তেতার আক্রমণভাগের অন্যতম ভরসা ছিলেন হ্যাভার্জ। সব প্রতিযোগিতায় ৩৪ ম্যাচ খেলে ১৫ গোল করে ক্লাবের শীর্ষ গোলদাতা তিনি।
আর্সেনাল এক বিবৃতি দিয়েছে, ‘আমরা নিশ্চিত করছি, দুবাইয়ে গত সপ্তাহে ট্রেনিং সেশনের সময় হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন কাই হ্যাভার্জ। ইনজুরিতে কারণে তার অস্ত্রোপচার করতে হবে। তারপর তাকে পুনর্বাসন কর্মসূচিতে যেতে হবে। সেটা আগামী মৌসুমের আগে পর্যন্ত চলবে।’








