২৫ মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়িং ফুটবলে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২৮ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে। এ জন্য হাভিয়ের কাবরেরা আগেই ৩৮ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছিলেন। তবে প্রস্তুতি শুরুর আগেই তার দল থেকে ৮ জন খেলোয়াড় বাদ পড়েছেন!
বাদ পড়াদের মধ্যে রয়েছেন জাহিদ হোসেন শান্ত, ইয়াসিন খান, জিকো, হাসান মুরাদ, রাব্বী হোসেন রাহুল, রফিকুল ইসলাম, মেহেদী হাসান মিঠু ও সাকিব আল হাসান। ৩০ জন খেলোয়াড়ের মধ্যে ২৮ জনকে বৃহস্পতিবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
তবে অনুশীলনে না দেখেই কেন ৮ জন খেলোয়াড় বাদ পড়েছেন এ নিয়ে লাল সবুজ দলের স্প্যানিশ কোচের মন্তব্য জানা যায়নি।
তবে জাতীয় দলের ম্যানেজার আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কোচের সঙ্গে আট জন খেলোয়াড়ের কথা হয়েছে। কেউ কেউ চোটে আছেন। অন্য সমস্যা ও আছে। আপাতত তাই তারা ক্যাম্পে থাকবেন না। তবে প্রয়োজন হলে সৌদি আরব থেকে আসার পর ডাক পড়বে। এছাড়া ৩৮ জন খেলোয়াড়ের ভারতের ভিসা সম্পন্ন হয়েছে।’
হামজা চৌধুরী ১৮ মার্চ ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। এর আগে ফাহমেদুল ইসলামের ১০ মার্চ সৌদি আরবে জাতীয় দলের অনুশীলনে যুক্ত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের ৩০ জনের প্রাথমিক দল: গোলকিপার- মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ; ডিফেন্ডার- শাকিল আহাদ তপু, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা; মিডফিল্ডার- মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী; ফরোয়ার্ড- রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম।








