২০২৪ সালে সাফ জেতার ৩ মাস ২৬ দিন পর আজ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ দল। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে নতুন দল খেলানোর অপেক্ষায় পিটার বাটলার। বিদ্রোহের কারণে সাবিনা খাতুনসহ জাতীয় দলের ১৮ নিয়মিত ফুটবলারকে ছাড়াই খেলতে হচ্ছে। তবে নিয়মিত অধিনায়ক সাবিনা না থাকলেও শুভকামনা জানিয়েছেন ঠিকই।
বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় আরব আমিরাত অ্যাসোসিয়েশনের মাঠে স্বাগতিকদের বিপক্ষে লড়বে আফঈদা খন্দকাররা।
এই ম্যাচকে সামনে রেখে সাবিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘এক দল। এক দেশ। এক লক্ষ্য। আসুন আমাদের সবকিছু দিয়ে বাংলাদেশকে গর্বিত করি! বিজয় অপেক্ষা করছে! আজকের ম্যাচের জন্য অনেক দোয়া ও শুভকামনা। আমাদের দেশের জন্য চলো মেয়েরা সবাই মিলে এটা করি।’
বিদ্রোহী আরেক সাফ জয়ী ফুটবলার ও সহঅধিনায়ক মারিয়া মান্দা লিখেছেন, ‘লড়াই করার জন্য প্রস্তুত, জয়ের জন্য প্রস্তুত! প্রতিটি ঘামের ফোঁটা, প্রতিটি আউন্স প্রচেষ্টা, সবকিছুই বাংলাদেশের গর্বের জন্য। আসুন আমরা আমাদের সেরাটা দেই। শুভকামনা সবার জন্য।
এর আগে রাতে অনুশীলন করে আরব আমিরাত ম্যাচ নিয়ে অধিনায়ক আফঈদা বলেছেন, ‘আরব আমিরাতের সম্পর্কে আমাদের সেভাবে ধারণা নেই। কারণ আমরা তাদের খেলা ওইভাবে দেখতে পারিনি। তো আমরা যতটুকু প্র্যাকটিস করেছি, কোচ আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন, যেভাবে ভালো মনে করেছেন সেভাবেই আমাদের প্র্যাকটিস করানো হয়েছে। আমরা ওভাবেই প্রস্তুতি নিয়ে মাঠে নামবো।’
আজকের ম্যাচে স্বাভাবিকভাবে নতুন-পুরনোদের সমন্বয়ে একাদশ গঠন করে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: মুনকি, সুলতানা, শাহেদা, তনিমা, আইরিন, স্বপ্না, প্রীতি, কোহাতি, আফঈদা, সুরমা, ইয়ারজান।









