পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে ১০টি দল শেষ পর্যন্ত নিবন্ধন সম্পন্ন করেছে। তবে এর মধ্যে নেই বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের ক্লাব নোফেল স্পোর্টিং ক্লাব।
দীর্ঘদিন ধরে ক্লাবটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তরে খেললেও এবার হঠাৎ দলবদলে অংশ নেয়নি। ২৩ ফেব্রুয়ারি ছিল দলবদলের শেষ দিন। সে সময়ে ১১ ক্লাবের মধ্যে মাত্র ৭ ক্লাব নিবন্ধন কার্যক্রমে অংশ নেয়। এরপর সময় বাড়ালে লিটল ফ্রেন্ডস, আরামবাগ ক্রীড়া সংঘ ও ফরাশগঞ্জ দলবদলে অংশ নিলেও নোফেল স্পোর্টিং ছিল না।
এ নিয়ে ফুটবল অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন দলবদল না করা প্রসঙ্গে অবশ্য বলেছেন, ‘আগেই খেলোয়াড় ও কোচদের সঙ্গে আমার প্রাথমিক আলোচনা করা ছিল। তবে দলবদলের বিষয়ে সভাপতির কাছ থেকে কোনও নির্দেশনা না পাওয়ায় নিবন্ধন কার্যক্রমে অংশ নেওয়া যায়নি। শেষ পর্যন্ত দলবদল না করতে পেরে খারাপ তো লাগছেই।’
বাফুফে সভাপতি হওয়ার পর নিজের ক্লাব নিবন্ধন কার্যক্রমে অংশ না নেওয়া প্রসঙ্গে তাবিথ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এটা দুর্ভাগ্যজনক। এমনকি নির্বাচনের জন্যও আমি কাউন্সিলর হইনি, আশা করেছিলাম অন্যরা ক্লাবের দায়িত্ব নেবে। যাই হোক, বাফুফের সমস্যাগুলো নিরসনের পর আবারও ক্লাব দল গঠনে মনোনিবেশ করবো।’









