এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে সৌদি আরবের তায়েফে অনুশীলনে সেটপিস নিয়েও বেশ চর্চা হচ্ছে।
সবশেষ ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ে কলকাতার সল্টলেক স্টেডিয়ামের সেই ম্যাচে ভারতের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও পরে সেটপিস থেকে গোল খেয়ে জয় হাতছাড়া হয় বাংলাদেশের। তাই এবার সেটপিসে যেন ভুল না হয়, তা নিয়ে সিরিয়াস সবাই।
সৌদি আরবের তায়েফে কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘অনুশীলন ভালো চলছে। আমরা আজ ছেলেদের ওপর কাজের চাপ কিছুটা কমিয়েছি, বেশি কাজ করেছি সেটপিস নিয়ে এবং এই সেশন চলবে। সেশনটা ভালো এবং ডায়নামিক ছিল।’
অনুশীলনে শিষ্যদের নিষ্ঠা দেখে খুশি স্প্যানিশ কোচ, ‘যেটা আমরা দেখতে চেয়েছিলাম, ছেলেরা সেই রিকভারি কিছুটা করতে পেরেছে। কেননা, গত দুই দিন কেবল প্রস্তুতি ম্যাচই ছিল না, ছেলেদের রিকভারির ব্যাপারও ছিল। তো সব মিলিয়ে আজকের প্রস্তুতির লক্ষ্য ছিল এটাই এবং ফলাফল যেটা পেয়েছি, তা নিয়ে আমরা সবাই খুশি।’
ভারত ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসীও হয়ে উঠছেন ফুটবলাররাও। মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় যেমন বলেছেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি। আমাদের যে পরের ম্যাচ ভারতের বিপক্ষে, এজন্য আমরা সবাই ভালো প্রস্তুতি নিচ্ছি সৌদির ক্যাম্পে। কোচের যে পরিকল্পনা, আমরা সবাই যদি সে অনুযায়ী খেলতে পারি, ইনশাআল্লাহ ভালো ফলের আশা করতে পারি।’
ভারতকে সমীহ করে আবাহনীর মিডফিল্ডার বলেছেন, ‘প্রতিপক্ষ যে দলই হোক না কেন, আমি তাদেরকে শ্রদ্ধা করি। কিন্তু আমরা আমাদের যে স্বাভাবিক ফুটবল, আমাদের যে পরিকল্পনা, সেটা অনুযায়ী খেলতে পারলে আমরা ইতিবাচক ফলের আশা করছি। আসলে দলটা সিনিয়র-জুনিয়র মিলিয়ে ভালো একটা দল, আমিও এক হিসেবে জুনিয়র। আমি মনে করি, সক্রিয় থেকে সবার সঙ্গে মানিয়ে নিয়ে একসাথে ঠিকভাবে যদি আমরা খেলতে পারি, তাহলে ভালো ফলের আশা করতে পারি।’
আরেক মিডফিল্ডার পাপন সিংহ বলেছেন, ‘পরিবেশ অনেক ভালো, শিলংয়ের সঙ্গে খাপ খাওয়ার জন্য সৌদিতে ট্রেনিং হচ্ছে। সবাই মনোযোগ দিয়ে ট্রেনিং করছে। যে সুযোগ পাবে, ভালো করবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি সেরা একাদশে থাকার।’









