দুই লাল কার্ড ও ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশের দারুণ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৫, ২১:০৮আপডেট : ১৩ জুলাই ২০২৫, ২২:০০

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে এমনিতেই ফেভারিট বাংলাদেশ। ফেভারিটের মতোই আজও প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবুও ম্যাচ হাতছাড়া হতে যাচ্ছিলো পিটার বাটলারের দলের। তৃষ্ণা রানী তা শেষ পর্যন্ত হতে দেননি। রবিবার দুই লাল কার্ডের ম্যাচে আরেক শক্তিশালী দল নেপালকে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে হারিয়ে এগিয়ে গেলো বাংলাদেশ।

রবিবার কিংস অ্যারেনাতে অনেকটা সমানে সমান লড়াই হয়েছে। তবে প্রথমার্ধ স্বাগতিকদের নিয়ন্ত্রণে ছিল।

তৃতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি হয়ে যায়। স্বপ্না রানীর উড়ে আসা কর্নারে মুনকি আক্তারের হেড আফঈদা খন্দকারের পা ছুয়ে যাওয়া বলে সাগরিকা ঠিকঠাক শট নিতে না পারায় জটলার মধ্য থেকে নেপালের এক ডিফেন্ডার বল ক্লিয়ার করেন।

১১ মিনিটে অল্পের জন্য বেঁচে যায় বাংলাদেশ। শান্তি মার্দির ব্যাক পাস ক্লিয়ার করতে গোলকিপার স্বর্ণার নেওয়া শট নেপালের সুপ্রিয়ার গায়ে লেগে পোস্ট ঘেষে বাইরে চলে যায়। 

১৪ মিনিটে সিনহা জাহান শিখার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মাঝ মাঠ থেকে সাগরিকা বল পেয়ে অনেকটা দৌড়ে বক্সের সামনে বাড়ান মুনকির পায়ে। এই ফরোয়ার্ড বল নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলের জন্য শট নিলে গোলরক্ষকের পায়ের ফাঁক গোলে এগোলে তা গোললাইন থেকে ফেরান নেপালের গঙ্গা রোকায়া। ফিরতি বল অনায়াসে জালে পাঠান শিখা। 

একটু পর জয়নবের লম্বা শট আটকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন নেপাল গোলকিপার। একই সময়ে শট নিতে ছুটে যান সাগরিকাও। তাতে দুজনের সংঘর্ষে চোট পান শ্রীলঙ্কা ম্যাচে হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ড। চিকিৎসা নিয়ে দ্রুতই খেলায় ফেরেন তিনি। 

৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাগরিকা। শান্তির ক্রস পেয়ে দুই দফায় গোলকিপারের গায়ে মারেন শিখা, তৃতীয় দফায় সেই বল জালে পাঠান সাগরিকা।

প্রথমার্ধের শেষ দিকে স্বপ্নাকে একা পেয়ে গিয়েছিলেন নেপালের ফরোয়ার্ড মিনা দেউবা। তার শট দারুণ ক্ষিপ্রতায় লাফিয়ে আঙুলের টোকায় কর্নার করে দলের ত্রাতা স্বর্ণা। 

বিরতির পর খেলা আরও জমে উঠে। আক্রমণ প্রতি আক্রমণ নির্ভর খেলা চলেছে। এই অর্ধে গোলের পাশাপাশি লাল কার্ডও দেখেছে সমর্থকরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ সুযোগ পেয়েছিলেন সাগরিকা। গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলে গোলকিপারকে একা পেয়েও গিয়েছিলেন তিনি, কিন্তু বলে শেষ স্পর্শ জোরে হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে শটই নিতে পারেননি। ৫২ মিনিটে শিখাও গোলকিপারকে একা পেয়ে উড়িয়ে মেরে নষ্ট করেন আরেকটি সুযোগ। 

৫৫ মিনিটে আক্রমণে ওঠা সাগরিকাকে ফাউল করেন নেপালের সিমরান, এক পর্যায়ে সাগরিকার মাথা ও চুল টেনে ধরেন তিনি। তাতে শুরুতে উত্তেজনা ছড়ায় দুজনের মধ্যে। পরে তা ছড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যেই। সাগরিকা ও সিমরান দুজনকে লাল কার্ড দেখান রেফারি। 

একটু পরই আফঈদা, বন্যাকে তুলে তৃষ্ণা ও রুমা আক্তারকে নামান বাংলাদেশ কোচ। ৭৪ মিনিটে সুযোগ আসে শিখার সামনে, কিন্তু গোলকিপারকে একা পেয়ে দূরের পোস্ট দিয়ে তার লক্ষ্যভেদের চেষ্টা সফল হয়নি। ছুটে এসে ক্লিয়ার করেন আনিশা। 

পরের মিনিটে মিনার শট ছুটে গিয়ে আটকাতে চেষ্টা করেন স্বর্ণা, কিন্তু পারেননি। মিনার ফিরতি শট রুমা ফেরানোর আগেই তাকে পেছন থেকে ট্যাকল করে বসেন জয়নব। তাতে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। আনিশার লক্ষ্যভেদে ম্যাচে ফেরে নেপাল। 

শান্তি ও শিখাকে তুলে উমহেলা মারমা ও অয়ন্ত বালাকে নামান বাটলার। ৮৬ মিনিটে সমতায় ফেরে নেপাল। পুর্ণিমার আড়াআড়ি ক্রস বুটের তলার টোকায় স্বর্ণাকে পরাস্ত করেন মিনা।

যোগ করা সময়ের শেষ মূহুর্তে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তৃষ্ণা। দারুণ এক গোলে দলের তিন পয়েন্ট নিশ্চিত করে নেপালকে স্তব্ধ করে সমর্থকদের মুখে হাসি ফোটান।

টানা দ্বিতীয় জয়ে ট্রফির পথে আরও এক ধাপ এগিয়ে গেলো বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী